জাহাঙ্গীরনগরের ঘটনায় প্রশাসনকে দায়ী করছে ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জের ধরে এক ছাত্রের নিহত হওয়ার ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের মারধরে গুরুতর আহত ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ আজ সোমবার সকালে মারা যান। ওই ঘটনার পর ছাত্রলীগের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করা হয়েছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই। সেখানে ছাত্রলীগের কোনো কমিটিও নেই। ছাত্রলীগের নাম ভাঙিয়ে যদি কেউ সুবিধা নিতে থাকেন, তাহলে সে ঘটনার ব্যর্থতায় দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে।’ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘বছরখানেক আগে একটি সংঘর্ষের পর থেকেই জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর পরও যদি ছাত্রলীগের নাম কেউ ব্যবহার করে থাকে, তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। কেন তারা সেটি নিল না, তাদের সেই জবাব দিতে হবে।’ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতা বলেন, ‘ছাত্রলীগের কেউ কোথাও কোনো অপরাধে জড়ালেই সে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। আমরা যদি কোনো অপরাধীকে আশ্রয় দিই, তাহলে আপনারা আমাদের ধরবেন। অন্যথায়, আমাদের কোনো দায় নেই।’সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো এক জাহাঙ্গীরনগরেই গত তিন বছরে ২৫-৩০ বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। এসব ঘটনায় সেখানে ছাত্রলীগের কার্যক্রমও স্থগিত করা হয়েছে অনেকবার। তবে পরিস্থিতি বদলায়নি।নেতা-কর্মীরা বলছেন, চাপাতি, রামদা দিয়ে প্রতিপক্ষকে কোপানো, হাত পা কেটে ফেলা—এসব রাজনীতি অতীতে ছাত্রলীগে ছিল না। কিন্তু গত তিন বছরে ছাত্রলীগের সংঘর্ষের সময় প্রতিপক্ষকে নির্মমভাবে কোপানো, চাপাতি দিয়ে আঘাত করার ঘটনাও ঘটেছে। সর্বশেষ আজ জাহাঙ্গীরনগরে যে ছাত্রটি মারা গেছেন, তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।২০১০ সালের ৫ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের নেতা-কর্মীরা পায়ে গুলি করে ও কুপিয়ে আল-বেরুনী হলের চারতলা থেকে ফেলে দিয়েছিলেন এনায়েত কবির এমিলকে। এরপর দীর্ঘ নয় মাস এমিলকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) হুইলচেয়ারে কাটাতে হয়েছে। এখন বাসায় ফিরলেও ক্রাচ দিয়ে হাঁটতে হয় তাঁকে।ওই সংঘর্ষের দেড় বছর পর জাহাঙ্গীরনগরে আরেক ছাত্রের মৃত্যুর ঘটনায় এমিলের উপলব্ধি, ‘যে ছাত্ররাজনীতি মানুষকে পঙ্গু করে, জীবন কেড়ে নেয়, সেই ছাত্ররাজনীতির দরকার আছে কি না এখন ভাবা দরকার। আমার ঘটনায় কারও বিচার হয়নি। এবারও কারও বিচার হবে কি না জানি না। মাঝেমধ্যে এত কষ্ট হয় যে মনে হয়, মরে গেলেই হয়তো বেঁচে যেতাম।’