প্রধানমন্ত্রীর মৃত্যুকামনা করে ফেসবুকে স্ট্যাটাস
জাহাঙ্গীরনগরের শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন খন্দকারের বিরুদ্ধে দণ্ডবিধি ১২৪এ ধারায় (রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ) মামলা দায়ের করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ জানুয়ারির মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।এর আগে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুকামনা করে স্ট্যাটাস দেওয়ায় হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানির পর আজ এই রায় দেওয়া হয়।গত বছরের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র-পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনিরসহ পাঁচজনের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মৃত্যুকামনা’ করে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষক। ওই স্ট্যাটাস নিয়ে ১৮ আগস্ট ‘জাবির জামায়াতপন্থী শিক্ষকের ঔদ্ধত্য’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আদালতের নজরে আনা হলে ওই দিন আদালত রুল জারি করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির খণ্ডকালীন প্রভাষক রুহুল আমিন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। ২০০৯ সাল থেকে বিনা বেতনে তিনি অস্ট্রেলিয়ায় ছুটিতে আছেন।