টানা ১৫ দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সারা দেশে পণ্য পরিবহনের জাহাজ চালানোর ঘোষণা দিয়েছে জাহাজ মালিকদের দুটি সংগঠন। আজ শনিবার বিকেলে বন্দর ভবনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।তবে নৌযান শ্রমিকদের সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম আজ বিকেল পাঁচটায় মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘জাহাজমালিকদের সঙ্গে সরকারের সমঝোতা হলেও আমাদের ২০ শতাংশ বর্ধিত মজুরি বাস্তবায়ন করেননি জাহাজমালিকেরা। এ কারণে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।’ জাহাজমালিকদের সঙ্গে বন্দর ভবনে বৈঠকের পর নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘আমরা সুষ্ঠু সমাধান করতে পেরেছি। বন্দর এলাকায় পণ্য পরিবহনে নিয়োজিত নৌযানসমূহের জন্য নীতিমালা প্রণয়ন করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পেশ করবে। নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ে সিমেন্ট কারখানা মালিকদের নিজস্ব জাহাজে নিজেদের আমদানি পণ্যের ৫০ শতাংশ পর্যন্ত পরিবহন করবে।’ বৈঠক শেষে সাংবাদিকদের মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘এই সিদ্ধান্ত সঠিকভাবে পালন হলে জাহাজমালিকেরা শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারবেন। শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত মজুরিও আমরা পরিশোধ করতে পারব।’জাহাজমালিকেরা জাহাজ চালানোর ঘোষণা দিলেও শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকলে বন্দরের বহির্নোঙরে অচলাবস্থার পুরোপুরি নিরসন হবে না। বন্দর ভবনের সম্মেলনকক্ষে এ সময় অন্যদের মধ্যে নৌ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ, কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গাজী বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ৪ এপ্রিল মধ্যরাত থেকে বর্ধিত বেতন-ভাতা কার্যকরের দাবিতে কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। এরপর ১১ এপ্রিল মধ্যরাত থেকে এই কর্মসূচি আংশিক প্রত্যাহার করে তারা। যেসব জাহাজমালিক বর্ধিত বেতন-ভাতা কার্যকর করেছেন, সেসব জাহাজে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকেরা কর্মবিরতি আংশিক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর সাধারণ জাহাজমালিকরা ঘোষণা ছাড়াই জাহাজ পরিচালনা বন্ধ রাখেন। সিমেন্ট কারখানা মালিকদের নিজস্ব জাহাজ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের মাধ্যমে পরিচালনার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছিল।