জাহাজ-নির্মাণ শিল্পে বাংলাদেশে যৌথ বিনিয়োগ করতে নেদারল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে স্বল্পোন্নত (এলডিসি) দেশ হিসেবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে বাড়তি সুবিধা পাবে নেদারল্যান্ড। আজ রোববার সচিবালয়ে ১৫টি দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন কোম্পানির সমন্বয়ে গঠিত নেদারল্যান্ডের সামুদ্রিক বাণিজ্য মিশন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা জানান। এ সময় বাংলাদেশ-ডাচ চেম্বার অব কমার্সের (বিডিসিসি) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। মিশনটির নেতৃত্ব দেন বিডিসিসির সভাপতি ফ্রেড ওলডেনহুইজিং। বাণিজ্যমন্ত্রী জানান, নেদারল্যান্ডের সামুদ্রিক বাণিজ্য মিশনের উদ্দেশ্য হলো বাংলাদেশ ও নেদারল্যান্ডের বাণিজ্য উন্নয়ন এবং যৌথ উদ্যোগে বাজার সম্প্রসারণ করা। জাহাজ নির্মাণে নেদারল্যান্ডের বহু বছরের অভিজ্ঞতা এবং কারিগরি দক্ষতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাহাজ-নির্মাণ শিল্পে বিপুল সম্ভাবনাময় দেশ। এ দেশের দক্ষ শ্রমশক্তি এই শিল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। জাহাজ-নির্মাণ খাতের পাশাপাশি নদীখনন ও ড্রেজার-নির্মাণ শিল্পে বিনিয়োগেরও আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।ওলডেনহুইজিং জানান, সঠিক পদক্ষেপ নিয়ে এগোতে পারলে সামুদ্রিক বাণিজ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী বাজারে পরিণত হবে বাংলাদেশ।