চট্টগ্রাম বন্দরের পরিবেশদূষণ রোধে কেনা কঠিন বর্জ্য অপসারণের জাহাজে বেশ কয়েকটি ত্রুটি ধরা পড়েছে। এ কারণে পরিদর্শন কমিটির দুই সদস্য জাহাজটি গ্রহণে আপত্তি জানিয়েছেন। তবে কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই তড়িঘড়ি বন্দর কর্তৃপক্ষ সরবরাহকারী সংস্থাকে জাহাজের মূল্য বাবদ ১২ কোটি ৮৭ লাখ টাকার বিল পরিশোধ করেছে।বন্দর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে দরপত্রের মাধ্যমে জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়। এর ব্যয় ধরা হয় ১১ লাখ ১২ হাজার ৭০০ ইউরো। জাহাজ কেনায় অর্থায়ন করে বন্দর কর্তৃপক্ষ।সঠিকভাবে জাহাজ সরবরাহ করা হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করতে বন্দরের সদস্য ক্যাপ্টেন শেখ আরিফ মাহমুদকে আহ্বায়ক করে গত ৭ জুলাই সাত সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির দুই সদস্য আপত্তি জানালেও পাঁচ সদস্য গত ২১ জুলাই জাহাজটি গ্রহণের সুপারিশ করেন। কিন্তু তার আগেই গত ১৫ জুলাইয়ের মধ্যে পাঁচ দফায় ১২ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার ৯৫৯ টাকা বিল তুলে নেয় সরবরাহকারী সংস্থা। জাহাজটি এখন বন্দরের মেরিন ঘাটে নোঙর করা আছে।বন্দর সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে তুরস্কের বাসারান জেমি অনিরিম মুহেনডিসকিল লিমিটেড পরিবেশদূষণরোধী এ জাহাজ সরবরাহ করে। তাদের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে মেসার্স জাহানারা ট্রেডিং কোম্পানি।চূড়ান্তভাবে জাহাজ বুঝিয়ে দেওয়ার আগে বিল নেওয়ার কথা স্বীকার করে মেসার্স জাহানারা ট্রেডিং কোম্পানির মালিক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, জাহাজ আমদানির দলিলপত্র আগেই সম্পাদন হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ব্যাংকে বিল পরিশোধ করে। মোট ১২ কোটি ৮৭ লাখ টাকার বিল ধাপে ধাপে পরিশোধ করা হয়।নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিয়মানুযায়ী জাহাজটি চূড়ান্তভাবে গ্রহণ করার পর বিল পরিশোধের কথা। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের টাকা এখনো বন্দর কর্তৃপক্ষের কাছে আছে।অনুসন্ধানে জানা গেছে, ‘জাহাজটিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। এর মধ্যে বর্জ্য তেল সংগ্রহের যন্ত্র (স্কিমার), হাইড্রোলিক ক্রেন ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের বৈদ্যুতিক সঞ্চালন লাইন কাজ করছে না। বে ক্লিনার-১ জাহাজের ইঞ্জিন ড্রাইভার (ইডিএল) মো. আবদুল বাছেত পাটোয়ারী ১৬ সেপ্টেম্বর বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলমকে জাহাজের যন্ত্রপাতির ছয়টি সমস্যার কথা লিখিতভাবে জানান। এতে বলা হয়, বে ক্লিনার-১ জাহাজের বর্জ্য তেল সংগ্রহের পাম্প, ফায়ার পাম্প ও ফুয়েল ট্রান্সফার পাম্প চলছে না। এ ছাড়া জাহাজের মূল যন্ত্রের স্টার্টিং সমস্যা এবং তেল সংগ্রহের যন্ত্র বা স্কিমার ওঠা-নামার কাজও হচ্ছে না।জানা গেছে, এসব ত্রুটি ছাড়াও ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী জাহাজের খুচরা যন্ত্রাংশ ঠিকমতো পাওয়া যায়নি। জাহাজের যেসব স্পেয়ার পার্টস কোম্পানি সরবরাহ করেছে বলে তালিকা দিয়েছে, সে তালিকার সঙ্গেও বাস্তবে মিল পাওয়া যায়নি। যেমন স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি (এআইএস), নাইট ভিশন বাইনোকুলার, ওয়াকিটকিসহ অন্তত সাতটি স্পেয়ার পার্টস পাওয়া যায়নি।সরবরাহকারী সংস্থার প্রতিনিধি প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, জাহাজের ত্রুটির বিষয়টি তাঁর জানা নেই। ত্রুটি থাকলে চুক্তি অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠান মেরামত করে দেবে। জাহাজের কিছু স্পেয়ার পার্টস খুঁজে পাওয়া যায়নি। সেগুলো শিগগিরই বন্দর কর্তৃপক্ষকে সরবরাহ করা হবে।বন্দর সূত্রে জানা গেছে, তুরস্ক থেকে চট্টগ্রাম বন্দরে আনার আগে গত ৮ ও ৯ ফেব্রুয়ারি তুরস্কে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের ইয়ার্ড পরিদর্শন এবং মরমর সাগরে জাহাজটির সমুদ্র মহড়ার আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্দরের সদস্য ক্যাপ্টেন শেখ আরিফ মাহমুদ, ডক মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলম ও উপপ্রধান প্রকৌশলী (মেরিন) মো. খোরশেদ আলম মহড়া পরিদর্শন করেন। কমিটির পরিদর্শন প্রতিবেদনে জাহাজটির সাতটি ত্রুটি চিহ্নিত করা হয়। এসব ত্রুটি দূর করে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আনার সুপারিশ করা হয় প্রতিবেদনে।সেই সাতটি ত্রুটি দূর হয়েছে কি না, তা সাত সদস্যের পরিদর্শন কমিটির প্রতিবেদনে তুলে ধরা হয়নি। কমিটির দুই সদস্য আপত্তি দিয়ে বিষয়টি স্পষ্ট করার কথা বলেছেন। এ ছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠান মালামাল ঠিকমতো দিয়েছে কি না, তা একটি কমিটির মাধ্যমে যাচাই করার কথা বলা হয়। জাহাজের অপারেশন ঠিকমতো হচ্ছে কি না, তা জানাতে জাহাজের বর্তমান মাস্টার ও ড্রাইভারের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে বলা হয়।অভিযোগ পাওয়া গেছে, এসব আপত্তি উপেক্ষা করে জাহাজটি বুঝে নেওয়ার সুপারিশ করেছেন কমিটির পাঁচ সদস্য। এ বিষয়ে যোগাযোগ করা হলে কমিটির আহ্বায়ক ক্যাপ্টেন আরিফ মাহমুদ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, পরিদর্শন প্রতিবেদন দেওয়া হলেও জাহাজটি এখনো চূড়ান্তভাবে বুঝে নেয়নি বন্দর কর্তৃপক্ষ। জাহাজটির কিছু স্পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে না। যেসব ত্রুটির কথা বলা হচ্ছে, সেগুলো বড় ধরনের কোনো ত্রুটি নয়। জাহাজটি বুঝে নেওয়ার আগে এসব ত্রুটি সারানো হবে।