জাহাজ ভাঙা শিল্পে জিনের আসর পড়েছে: হাছান মাহমুদ
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘জাহাজ ভাঙা শিল্প বাঁচাতে সরকার আন্তরিক। আমি নিজে এই শিল্পের জন্য অনেক কিছু করেছি। কিন্তু জাহাজ ভাঙা শিল্পে খারাপ জিনের আসর পড়েছে। এ জিন হাইকোর্টের বারান্দায় ঘোরাঘুরি করে। জিনের আসরের কারণে এ শিল্প চালু হতে দেরি হচ্ছে।’আজ শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘পরিবেশ সংরক্ষণে শিল্প মালিক ও ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, ‘ওই জিনের সঙ্গে বিদেশিদের যোগাযোগ রয়েছে। তারা বাংলাদেশে লোহার ব্যবসা করতে চাচ্ছে।’প্রায় দুই বছর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিটের পরিপ্রেক্ষিতে জাহাজ ভাঙা শিল্পের নীতিমালা ও জাহাজ আমদানি বিষয়ে কিছু নির্দেশনা জারি করেন হাইকোর্ট। এরপর বিভিন্ন সময় এ আদেশকে পাশ কাটিয়ে জাহাজ আমদানি করলে হাইকোর্ট আবার আগের আদেশ বহাল রাখার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেন। দুই বছর পার হলেও সরকার এখনো নীতিমালা করতে পারেনি।মূলত পরিবেশ সংরক্ষণ নিয়ে মতবিনিময় সভা হলেও সভার সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজেতুর রহমানসহ বেশ কয়েকজন বক্তা জাহাজ ভাঙ্গা শিল্প এবং এর নীতিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়ে বক্তব্য দেন।প্রতিমন্ত্রী বলেন, ‘জাহাজ ভাঙা শিল্প-মালিকেরা পরিবেশসম্মতভাবে জাহাজ কাটতে আন্তরিক। কিন্তু জিনের আসর থেকে উত্তরণে সরকার ও আপনাদের সর্বাত্মক সহযোগিতা দরকার।’মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম। মুক্ত আলোচনায় ইস্ট ডেল্টা ইউনিভাির্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম, চেম্বারের সাবেক সভাপতি আবুল কালাম, বর্তমান সহসভাপতি নুরুন নেওয়াজ, পরিচালক এম এ ছালাম, মাহফুজুল হক শাহ, বিজিএমইএর পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, বিকিএমইএর দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম, আনোয়ারা আলম প্রমুখ অংশ নেন।