জাহাজভাঙা শিল্প চলছে পরিবেশ ছাড়পত্র ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জাহাজভাঙা শিল্প পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে। সরকারের উচ্চপর্যায় থেকে পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হলেও কেউ তা মানেননি। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের মার্চে হাইকোর্ট এক রায়ে এ শিল্পের শ্রমিকদের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। তখন জাহাজভাঙা শিল্পের ইয়ার্ডের সংখ্যা ছিল ৬৮। এরই মধ্যে তা বেড়ে হয়েছে ১২০।মার্চে হাইকোর্টের রায়ে পরিবেশ ছাড়পত্রবিহীন সবগুলো জাহাজভাঙা ইয়ার্ড বা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, সরকারের নিয়ম অনুযায়ী পরিবেশ ছাড়পত্র নেওয়া এবং আমদানিকারক দেশ থেকে পুরোনো জাহাজগুলো থেকে বর্জ্য পরিশোধন করে আনার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই বছরের এপ্রিলে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চাওয়া হয়। উচ্চ আদালত শুধু জাহাজভাঙা শিল্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন। তবে পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য পরিশোধন করে আমদানি করার নির্দেশ পুনর্বহাল রাখেন।সূত্র জানায়, সব জাহাজভাঙা শিল্পকে পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু কেউই ছাড়পত্রের জন্য নিয়ম অনুযায়ী আবেদন করেনি, ব্যবস্থাপনা পরিকল্পনাও জমা দেয়নি। এই সময়ের মধ্যে নতুন ৫২টি শিল্প চালু হলেও নিয়ম অনুযায়ী ছাড়পত্রের আবেদন করা হয়নি। পাঁচ বছর আগে ওই শিল্পগুলো মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছিল, পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা অর্থাৎ তাদের ইয়ার্ড থেকে কী ধরনের ও কী পরিমাণে বর্জ্য নির্গত হবে, তা তারা জানাতে পারবে না। আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৬ মাসে জাহাজভাঙা শিল্পে বিষাক্ত বর্জ্যের কারণে বাংলাদেশের ২৪ জন শ্রমিক মারা গেছেন। ১৪টি জাহাজভাঙা শিল্পে ১৭টি দুর্ঘটনা ঘটেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী ২০ বছরে এই শিল্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারাত্মক দূষণের কারণে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সাতটি জাহাজভাঙা শিল্পের বিরুদ্ধে মামলা করেছে।গতকাল রোববার জেড এন শিপইয়ার্ডের মাদামবিবির হাটে অবস্থিত একটি শিল্পে পুরোনো জাহাজ কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে অগ্নিদগ্ধ হন সাতজন শ্রমিক। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।পরিবেশ ও বন মন্ত্রণালয় জাহাজভাঙা শিল্পের জন্য একটি বিধিমালা ও নীতিমালা তৈরির কাজ শুরু করলেও এখনো তা শেষ হয়নি। পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, বিধিমালা ও নীতিমালা দুটোই হাইকোর্টের রায়কে অনুসরণ না করে তৈরি করা হচ্ছে। সরকারি নির্দেশ অমান্য: পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০-এ জাহাজভাঙা শিল্পের জন্য পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। জাহাজভাঙা-বিষয়ক একটি সরকারি নীতিমালাও রয়েছে। এই নীতিমালা অনুযায়ী, ইয়ার্ড পরিচালনা না করায় নতুন করে পুরোনো জাহাজ আমদানি বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। একই সঙ্গে আপাতত জাহাজভাঙার কাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এই নির্দেশ অমান্য করে বেশির ভাগ শিল্পই জাহাজভাঙার কাজ চালিয়ে যাচ্ছে।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘জাহাজভাঙা শিল্প আমাদের দেশের লোহার চাহিদার বেশির ভাগই পূরণ করে। তাই এই শিল্পটি বন্ধ না করে বরং এটি যাতে পরিবেশসম্মত পরিচালিত হয় সে জন্য একটি বিধিমালা ও গাইডলাইন তৈরি করা হচ্ছে।’জাহাজভাঙা শিল্পের জন্য পরিবেশ ছাড়পত্র দেওয়ার ব্যাপারে বিধিমালা তৈরির দায়িত্ব দেওয়া হয় একটি কমিটিকে। আগামী সপ্তাহে কমিটি প্রতিবেদন দেবে—এ কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তার আগে কোনো ইয়ার্ড চালু রাখা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা ও নীতিমালা মেনে ছাড়পত্র দেওয়ার পর তারা ইয়ার্ড চালাতে পারবে।পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ইটভাটা বা অন্য কোনো শিল্পের পরিবেশ ছাড়পত্র দিতে যদি গাইডলাইনের প্রয়োজন না হয়, তাহলে জাহাজভাঙা শিল্পের জন্য কেন দরকার হলো। সরকারের উচিত দ্রুত হাইকোর্টের নির্দেশ মেনে পরিবেশ ছাড়পত্রের ব্যাপারে আইনি পদক্ষেপে যাওয়া।অনুমোদন ছাড়া আরও ৫২টি: পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের অক্টোবরে জাহাজভাঙা শিল্পের ওপর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় একটি জরিপ চালায়। এতে ৭৯টি ইয়ার্ডের অস্তিত্ব পাওয়া যায়, যার ৬৮টি চালু অবস্থায় ছিল। আর ১০ আগস্ট পর্যন্ত ১২০টি ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছে। কেউই অবশ্য নিয়ম অনুসরণ করে আবেদন করেনি।আবেদন করার পরও কেন ইয়ার্ডগুলোকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না—জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জাহাজভাঙা শিল্পগুলোকে নিয়ম অনুযায়ী ছাড়পত্র নেওয়ার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। যে ১২০টি ছাড়পত্রের জন্য আবেদন করেছে, তার একটিও পূর্ণাঙ্গ নিয়মনীতি অনুসরণ করেনি। তাদের পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন, শ্রমিকের সংখ্যা, বর্জ্যের ধরন—এগুলো সম্পর্কে জানাতে বলা হলেও তাদের কেউই জানায়নি। এ কারণে পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়নি।’শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাফর আলম প্রথম আলোকে বলেন, সব শিপইয়ার্ড মালিকই পরিবেশসম্মত কাজ করতে চান। তবে ইউরোপীয় মান ধরে বাংলাদেশে পরিবেশ রক্ষার কথা চিন্তা করলে হবে না। স্থানীয় পরিস্থিতি ও অর্থনৈতিক চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিবেশ রক্ষার কথা ভাবতে হবে। প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, তাহলে তো প্রতিটি শিল্পকে ছাড়পত্র দেওয়ার আগে একটি মডেল সরকারি ইয়ার্ড স্থাপন করতে হবে, যা সরকারের পক্ষে কখনোই সম্ভব নয়। সরকার যেমন এই শিল্পকে পরিবেশসম্মত চালাতে সহায়তা করতে চায়, তেমনি জাহাজভাঙা শিল্পগুলোকে পরিবেশ রক্ষার কথা ভাবতে হবে।