জাহাজভাঙা শ্রমিকদের জন্য মজুরি বোর্ড হবে: ইসরাফিল আলম
শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম বলেছেন, সীতাকুণ্ডে জাহাজভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা হবে। এ ছাড়া স্বাস্থ্য, স্বার্থ ও পরিবেশ রক্ষার দিকটি বিবেচনায় রেখে আগামী ১৫ দিনের মধ্যে আজকের পরিদর্শন-সম্পর্কিত প্রতিবেদন ও সুপারিশমালা পেশ করা হবে। এ ছাড়া যেসব বিধিমালা প্রক্রিয়াধীন আছে সেগুলোর সঙ্গে এর সমন্বয় করে চূড়ান্ত বিধিমালা হবে। সীতাকুণ্ডের শিপইয়ার্ড পরিদর্শন শেষে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেমের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন ইসরাফিল আলম।শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জানান, এ পর্যন্ত জাহাজ ভাঙতে গিয়ে দুর্ঘটনায় এ পর্যন্ত এক হাজার ১০০ শ্রমিক মারা গেছেন। এর আগে সকালে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, ইসরাফিল আলম, এ বি এম আবুল কাশেমসহ কয়েকজন শিপইয়ার্ড পরিদর্শনে যান। প্রতিমন্ত্রী তখন সাংবাদিকদের বলেন, জাহাজভাঙার কাজে নিয়োজিত শ্রমিকেরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে বলে আমরা জানি। তাই পরিদর্শনে এসেছি। তিনি বলেন, তাঁদের পরিদর্শন উপলক্ষে জাহাজভাঙার কাজে কর্মরত প্রতিষ্ঠানগুলো সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, শ্রমিকদের নতুন পোশাক দিয়েছে। এগুলো বুঝা যায়। তিনি বলেন, সরকারও চায় এ শিল্পে জড়িত প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে নিয়মতান্ত্রিকভাবে চলুক।সংসদীয় কমিটি এ বি এম আবুল কাশেমের ছেলে এস এম আল মামুনের মালিকানাধীন শিপইয়ার্ডে যেতে চাইলে তিনি আপত্তি করেন। তবে তাঁর আপত্তির পরও সংসদীয় কমিটি ওই শিপইয়ার্ডে যান। শিপইয়ার্ড পরিদর্শন শেষে তাঁরা আবুল কাশেমের বাসায় দুপুরের খাবার খান ও সংবাদ ব্রিফিং করেন।