জাহাজভাঙা-সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত হচ্ছে আলোচনা ছাড়াই
জাহাজভাঙা কার্যক্রম নিয়ন্ত্রণে কোনো শক্তিশালী বিধান ছাড়াই প্রণীত হতে যাচ্ছে বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১। জাহাজভাঙা শিল্পের শ্রমিক এবং শ্রম ও পরিবেশ সংগঠনগুলোর কোনো মতামত না নিয়েই তা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এই বিধিমালা আইন মন্ত্রণালয়ে রয়েছে।শিগগিরই বিধিমালাটি প্রজ্ঞাপন আকারে জারি হবে বলে পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত ৭ এপ্রিল উচ্চ আদালত একটি বিধিমালা তৈরি করতে সরকারকে সর্বোচ্চ দুই মাসের সময় বেঁধে দেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এই বিধিমালা করার এখতিয়ার নেই। শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার পর নৌপরিবহন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়কে বলা হয়েছে, জাহাজভাঙা বিষয়ে সব আইন, বিধিমালা ও কার্যক্রম যাতে শিল্প মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। তারা এ কথা না শুনে নিজেরা বিধিমালা তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠাতে পারে না। তিনি বলেন, ‘আমরা নিজেরা একটি বিধিমালা তৈরির জন্য কাজ করছি।’পরিবেশ ও বনসচিব মেসবাহ উল আলম প্রথম আলোকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী জাহাজভাঙা কার্যক্রমের পরিবেশগত দিকটি দেখার দায়িত্ব পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। তাই এই বিধিমালা প্রণয়নের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।আদালতের রায় ও বিধিমালার অসংগতি: বিধিমালার চূড়ান্ত খসড়ায় বিপজ্জনক বর্জ্য ও পদার্থের সংজ্ঞায় পুরোনো জাহাজকে বাদ দেওয়া হয়েছে। এই বিধিমালা চূড়ান্ত হলে জাহাজকে বর্জ্যমুক্ত করে আনা বাধ্যতামূলক থাকবে না। পুরোনো জাহাজের বর্জ্য ফেলার সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করার বিষয়ে বিধিমালায় কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। বর্তমানে বেশির ভাগ শিপ ব্রেকিং ইয়ার্ড সমুদ্রতীরে পুরোনো জাহাজ এনে সেখানেই তা ভাঙার কাজ করে। বেশির ভাগ বর্জ্য সমুদ্রে ও তীরে ফেলে দেওয়ায় সংশ্লিষ্ট এলাকা মারাত্মক দূষণের কবলে পড়ছে। জাহাজভাঙার ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তায় নেওয়া প্রয়োজনীয় সরঞ্জাম বাধ্যতামূলক করা হয়নি। মালিকদের দায়িত্ব হিসেবে ওষুধ, সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্য জাহাজভাঙার স্থানে ‘সহজলভ্য’ করার কথা বলা হয়েছে। শ্রমিকেরা দুর্ঘটনার শিকার হলে কোন ধরনের ক্ষতিপূরণ ও ব্যবস্থা নেওয়া হবে, তা সুনির্দিষ্ট করা নেই বিধিমালায়।উচ্চ আদালতের একাধিক নির্দেশ অনুযায়ী ২৫ বছরের পুরোনো জাহাজ আমদানি করা যাবে না। রপ্তানিকারক দেশ থেকে বর্জ্যমুক্ত সনদ ছাড়া কোনো জাহাজ আমদানিও নিষিদ্ধ। বিধিমালায় আদালতের এই নির্দেশকে পাশ কাটিয়ে বলা হয়েছে, ২৫ বছরের অধিক পুরোনো জাহাজ আমদানি হয়ে থাকলে, তা ভাঙার জন্য পরিবেশ ছাড়পত্র দেওয়া হবে না। জাহাজ, তেলের ট্যাংকার ও ট্রলার আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশ থেকে বর্জ্যমুক্ত হয়েছে, এমন সনদ না থাকলে জাহাজটি ভাঙার জন্য পরিবেশ ছাড়পত্র দেওয়া হবে না।বিধি প্রণয়ন সম্পর্কে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সরকারকে এমন একটি আইন ও বিধি তৈরি করতে হবে, যাতে দেশে কোনো বিষাক্ত বর্জ্যসহ জাহাজ আসতে না পারে। আমদানিকারক দেশ থেকে বর্জ্যমুক্ত করে আনা নিশ্চিত করতে হবে। ২০০৯ সালে উচ্চ আদালত থেকে পরিবেশ ছাড়পত্র নেওয়াসংক্রান্ত আদেশে বলা হয়, প্রতিটি ইয়ার্ডকে অবশ্যই বর্জ্য ফেলার সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করতে হবে।অনেক কিছুই নেই: দেশে বর্তমানে মোট ১২৫টি শিপ ব্রেকিং ইয়ার্ডের মধ্যে একটিও বর্জ্য ফেলার কোনো সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করেনি। বেশির ভাগ ইয়ার্ড পরিবেশ অধিদপ্তরের শর্ত সাপেক্ষে ছাড়পত্র নিয়েছে। কিন্তু অন্যান্য শিল্পের জন্য প্রযোজ্য শর্তে বেশির ভাগ ইয়ার্ড ছাড়পত্র নেয়নি।বিধিমালায় পুরোনো জাহাজ আমদানির ক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হলেও ইয়ার্ডের ক্ষেত্রে তা করা হয়নি। পরিবেশ অধিদপ্তর ৫৬টি শর্তে ইয়ার্ডগুলোকে পরিবেশ ছাড়পত্র দিলেও তার উল্লেখ বিধিমালায় নেই। বর্জ্যের ব্যবস্থাপনার দায়িত্ব ইয়ার্ড মালিককে না দিয়ে তাকে শুধু তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, শিল্প মন্ত্রণালয় জাহাজভাঙা শিল্পবিষয়ক বিধিমালা করতে পরিবেশবাদী ও শ্রমিক এবং মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে। কিন্তু পরিবেশ ও বন মন্ত্রণালয় বিধিমালাটি চূড়ান্ত করার আগে কারও সঙ্গে আলোচনা করেনি। তিনি বলেন, বেশির ভাগ ইয়ার্ড গড়ে উঠেছে সমুদ্রতীরে ও উপকূলীয় বন ধ্বংস করে। ফলে বিধিমালায় ইয়ার্ডগুলোকে উপকূল থেকে সরিয়ে ভেতরের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে নির্দেশনা থাকা উচিত ছিল। শ্রমিকদের সুরক্ষায় ইয়ার্ড কর্তৃপক্ষ প্রশিক্ষণ, সচেতনতা সৃষ্টি, জরুরি অবস্থা মোকাবিলায় পরিকল্পনা দাখিল, দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন দাখিল প্রভৃতি দায়িত্ব দেওয়া হয়েছে। বাসেল কনভেনশনে জাহাজভাঙা বিষয়ে একটি কারিগরি নির্দেশনা দেওয়া আছে। জাতিসংঘের শ্রমবিষয়ক সংস্থা আইএলওতে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে বিস্তারিত বলা আছে। এই বিধিমালায় তার কোনো উল্লেখ নেই।বিধিমালায় বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙা বর্জ্য বিষয়ে একটি জাতীয় কারিগরি কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটিতে শ্রমিক সংগঠন, বর্জ্য বিষয়ে দক্ষ ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়নি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ২০ সদস্যের প্রস্তাবিত এই কমিটিতে বেসরকারি সংস্থার দুজন প্রতিনিধিকে রাখা হয়েছে মাত্র। অথচ আদালত থেকে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে কমিটিতে রাখার কথা বলা হয়েছিল।