আমরা চিন্তা করছিলাম, বাংলাদেশকে যদি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে পরিচিত করতে হয়, (‘ব্র্যান্ড বাংলাদেশ’ যাকে বলে) তাহলে আমাদের এমন কিছু করতে হবে, যেটা গোটা দুনিয়ায় সবার নজর কাড়বে। জাহাজগড়ার শিল্পটা ঠিক এ রকমই একটা বিষয়। কারণ, একটি জাহাজ সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ছুটে চলে। ওই জাহাজটি যেখানেই যাবে, সে জানাবে আমি সুজলা-সুফলা বাংলাদেশে তৈরি। আমি জাহাজে চাকরি করেছি। সেই চাকরিকাল থেকেই আমাদের একটা স্বপ্ন ছিল এ রকম কিছু একটা করার। আমরা স্বাধীনতার সৈনিক ছিলাম না। কিন্তু আমরা ভেবেছিলাম, স্বাধীনতার সুফল তখনই আসবে, যখন অর্থনৈতিকভাবে আমরা নিজেদের প্রতিষ্ঠা করতে পারব। সেটা আমরা জাহাজ বানিয়ে অর্জন করেছি।এই অর্জনটা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ, আমাদের জাহাজের যাঁরা মালিক ছিলেন, তাঁরা বিভিন্ন দেশ ঘুরে যখন আমাদের জাহাজ বানানোর ফরমায়েশ দেন, তখন তাঁরা অবজ্ঞার হাসি হেসে বলেছিলেন, ‘তোমরা তো জাহাজ ভাঙো, জাহাজ বানাবে কী করে?’ তখন আমরা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম, আমরা পারব। এর পরই তাঁরা একটা কনসালট্যান্ট দল পাঠালেন। আমাদের পর্যবেক্ষণ করলেন। এরপর মালিকপক্ষ এসে আমাদের জাহাজ বানানোর ফরমায়েশ দিয়ে যায়। আমরা সময়মতোই জাহাজ দুটি তাঁদের কাছে পাঠিয়ে দিয়ে আস্থা অর্জন করেছি। মাত্র দেড় বছরে ‘ইএমএস সি’ ও ‘ইএমএস রিভার’ নামের দুটো জাহাজ বানিয়েছি। তবে নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং শিপ বিল্ডিং লিমিটেড, হাইস্পিড, ঢাকা ডকইয়ার্ড, কুমিল্লা ডকইয়ার্ডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেশের ভেতরেই জাহাজ বানিয়ে থাকে। আমাদের আগে আনন্দ শিপইয়ার্ড দেশের বাইরে দুটো জাহাজ পাঠিয়েছিল। এ জাহাজ দুটোর ডিডব্লিউটি ক্যাপাসিটি ছিল দুই হাজার ৯০০ টন। আর আমাদের জাহাজগুলোর ডিডব্লিউটি ক্যাপাসিটি হলো পাঁচ হাজার ২০০ টন। আমাদের জাহাজগুলো ইন্টারন্যাশনাল ক্ল্যাসিফিকেশন সোসাইটি জার্মানশিয়াল লয়েডসের অধীনে তৈরি করা হয়েছে। এই জাহাজগুলোকে বলা হয় ‘আইস ক্লাস ভেসেল’, যা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সমুদ্রে বরফের স্তরকে কেটে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এত বড় জাহাজ (মাল্টিপারপাস কনটেইনার ভেসেল) আগে কখনো বাংলাদেশে তৈরি হয়নি। শুধু তা-ই নয়, একই সিরিজের ১২টি জাহাজ বানানোর ফরমায়েশ আমরা পেয়েছি। শুরুতে তাঁরা আটটি জাহাজ বানানোর ফরমায়েশ দিয়েছিলেন। পরে দুটি জাহাজ বানিয়ে পাঠিয়ে দেওয়ার পর ওই কোম্পানি একই ধরনের আরও চারটি জাহাজের ফরমায়েশ দিয়েছে। আমাদের বিশ্বাস, প্রতি দুই মাস অন্তর আমরা একটা করে জাহাজ পাঠিয়ে দিতে পারব। এই অর্জন আমাদের একার নয়। এর সঙ্গে সম্পৃক্ত সব শ্রমিকসহ পুরো বাঙালি জাতির জন্য এটা একটা বড় অর্জন। আমার মনে হয়, বড় কোনো কিছু অর্জন করতে হলে প্রথমেই একটা স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নের বাস্তবায়নে মনঃসংযোগ দরকার। এরপর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব।কোনো কিছু অর্জনের মূলমন্ত্র হলো সততা, নিষ্ঠা, শ্রম আর শ্রমিকের যথাযথ মূল্যায়ন। তবে দেশের সার্বিক অর্জনের জন্য আমি বলব, সরকার ও উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।মো. সাইফুল ইসলাম: চেয়ারম্যান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড