গতকাল শনিবার বিকেলে প্রত্যাহার করা নৌযান ধর্মঘট চলাকালে চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত সময় অবস্থান করতে বাধ্য হওয়া জাহাজগুলোর মালিকদের লোকসান হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। জাহাজমালিকেরা এ টাকা এখন নিজেদের পকেট থেকেই পরিশোধ করলেও, পর্যায়ক্রমে পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে আমদানিকারকদের কাছ থেকে তা আদায় করে নেবেন। আবার আমদানিকারকেরা পণ্যমূল্যের সঙ্গে এই অতিরিক্ত পরিবহন ব্যয় যোগ করে সেই টাকা শেষ পর্যন্ত ভোক্তার পকেট থেকেই কেটে নেবেন।জাহাজ ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষতি পুষিয়ে নেওয়ার এই পরিকল্পনার কথা জানা গেছে। ক্ষতিপূরণের এ টাকার বেশির ভাগই আদায় করা হবে ভোগ্যপণ্যের ক্রেতাদের কাছ থেকে। এ ছাড়া সিমেন্টের ক্রেতারাও আছেন এ তালিকায়। কারণ, পণ্যবাহী যেসব জাহাজ বন্দরে প্রয়োজনাতিরিক্ত সময় অবস্থান করেছে, সেগুলোতে ছিল ভোগ্যপণ্য ও সিমেন্টের কাঁচামাল।ধর্মঘট প্রত্যাহারের পর শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজের প্রতিদিনের ভাড়া গড়ে ১৫ হাজার মার্কিন ডলার। হিসাব করে দেখেছি, সব জাহাজ মিলে অতিরিক্ত অবস্থানের মোট সময় হচ্ছে ১৭২ দিন। এতে প্রায় ১৮ কোটি টাকা ক্ষতি হয়েছে জাহাজমালিকদের।’ভোগ্যপণ্য আমদানিকারক ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক নূরুল আলম প্রথম আলোকে বলেন, এ টাকা পণ্য আমদানির খরচের সঙ্গে যুক্ত হলে ভোক্তাকেই তা পরিশোধ করতে হবে। অর্থাত্ সাধারণ জনগণকে টাকা খরচ করে ধর্মঘটের মাশুল গুণতে হবে।নৌপরিবহন ধর্মঘট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। গতকাল বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হলেও, এ খাতে সম্পৃক্ত সবাই ক্ষতির মুখে পড়েছেন। পণ্য খালাসের কাজ না হওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের শিপ হ্যান্ডলিং অপারেটরদের শ্রমিকেরা টানা আট দিন মজুরি পাননি। বসে থাকলেও নিয়মিত কর্মচারীদের বেতন দিতে হয়েছে শিপ হ্যান্ডলিং অপারেটরদের। দেশি লাইটার জাহাজ ভাড়া না হওয়ায় লোকসান হয়েছে সেগুলোর মালিকদের।ধর্মঘট প্রত্যাহারের পর গতকাল বিকেল থেকে কর্ণফুলীর ১৬টি ঘাটে পণ্য খালাস শুরু হয়। রাতে বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করা শুরু হয়। তবে ইতিমধ্যে বহির্নোঙরে জাহাজের সংখ্যা বেড়ে যাওয়ায় ধর্মঘটের প্রভাব কাটিয়ে উঠতে এক সপ্তাহ লেগে যেতে পারে বলে আশঙ্কা করছেন জাহাজ ব্যবসায়ীরা।