জাহাজশিল্পে কাজের সুযোগ
সমুদ্রগ্রামী জাহাজ তৈরির কারিগর হওয়ার সুযোগ আপনার দ্বারপ্রান্তে। কারণ, দেশে এখন সম্ভাবনার নতুন দিগন্ত তৈরি হয়েছে জাহাজশিল্পকে ঘিরে। বর্তমানে দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টির মতো জাহাজ নির্মাণপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান তো বিদেশেও আন্তর্জাতিক মানের জাহাজ রপ্তানি করছে। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে বাজার বাড়ায় দেশের জাহাজ নির্মাণপ্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত দক্ষ জনবল খুঁজতে হচ্ছে। ফলে এ খাতে দিন দিন কাজের সুযোগ বাড়ছে।যেটি কাজে লাগিয়ে আপনিও একটি সুন্দর ক্যারিয়ার বা কর্মজীবন গড়ে তুলতে পারেন। পেশার দায়দায়িত্ব: বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিপ বিল্ডিংয়ের প্রশিক্ষক হারুনুর রশিদ জানান, গ্রাহকের চাহিদা অনুযায়ী একজন নেভাল আর্কিটেক্ট জাহাজের ডিজাইন তৈরি করেন। পুরো জাহাজের ডিজাইনকে আবার কয়েকটি অংশে ভাগ করা হয়। এরপর শিপ বিল্ডিং প্রকৌশলী ডিজাইন অনুযায়ী জাহাজের ওয়েলডিং, ফিটারিং, প্রিন্টিং ও গুণগত যন্ত্রাংশের ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি দায়িত্ব পালন করেন। পুরো কাজটি করতে হয় নিখুঁত পর্যবেক্ষণের মাধ্যমে। কারণ, গ্রাহকেরা আন্তর্জাতিক জাহাজ নির্মাণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গুণগতমান নিশ্চিত করার দায়িত্ব দিয়ে থাকেন। সে জন্য জাহাজটিতে কী ধরনের মালামাল বহন হবে, কোন নৌপথে চলবে ও কোন মৌসুমে চলবে ইত্যাদি বিষয় মাথায় রেখেই জাহাজ তৈরি করতে হয়। জাহাজশিল্পে শিপ বিল্ডিং প্রকৌশলীর পাশাপাশি সহকারী প্রকৌশলী, সুপারভাইজার ও মাননিয়ন্ত্রক কর্মকতা হিসেবেও কাজ করার সুযোগ আছে। কাজের ক্ষেত্র ও চাহিদা: এ প্রসঙ্গে জাহাজের নকশা প্রণয়নকারী মেরিন হাউসের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জাহাজ নির্মাণ-প্রতিষ্ঠান স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য বাণিজ্যিক জাহাজের পাশাপাশি যুদ্ধজাহাজও তৈরি করছে। তা ছাড়া ইতিমধ্যে আমাদের দেশের জনবল দক্ষতার প্রমাণ দিয়ে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর ও অন্যান্য দেশে সুনামের সঙ্গে কাজ করে চলেছে। এ বিষয়ে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিককেমব্রিজ মেরিটাইম কলেজের (সিএমসি) পরিচালক খোরশেদ আলম বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৮০ শতাংশ মালামাল নৌপথে পরিবহন করা হয়। সে অনুযায়ী দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও জাপানসহ অনেক দেশই জাহাজশিল্পকে কাজে লাগিয়ে তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে। আমাদের দেশেও এ শিল্পের মাধ্যমে অর্থনীতিকে জোরদার করা সম্ভব। সুযোগ-সুবিধা: সাধারণত শিপ বিল্ডিং প্রকৌশলীরা শুরুতে ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি শুরু করেন। তবে দক্ষতা দেখাতে পারলে বছর চারেকের মধ্যেই তাঁদের বেতন বেড়ে লাখটাকার ওপরে চলে যায় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।বিদেশেও ভালো বেতনে এ পেশার ব্যাপক চাহিদা ও কাজের সুযোগ আছে।সবচেয়ে বড় বিষয় হলো কোর্স শেষে কাজের জন্য কাউকে খুব একটা অপেক্ষা করতে হয় না।প্রশিক্ষণের গুরুত্ব: হারুনুর রশিদ বলেন, আমাদের দেশে অনেকেই বিভিন্ন জাহাজ নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞ হয়ে ওঠেন। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে জাহাজ তৈরিতে অভিজ্ঞতার পাশাপাশি প্রশিক্ষণকেও গুরুত্ব দেওয়া হয়। খান ব্রাদার্স শিপ বিল্ডিংয়ের নির্বাহী পরিচালক আবদুর রহিম বলেন, এ শিল্পে অনেকেই শুধু অভিজ্ঞতার আলোকেই কাজ করছেন। তবে এ বিষয়ে পেশাগত প্রশিক্ষণ নিলে যে কেউই খুব সহজেই ভালো করতে পারবেন। প্রতিষ্ঠানগুলোও খোঁজ করে এ রকম প্রশিক্ষিত ও দক্ষ লোকবল। কারণ, আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণের ক্ষেত্রে গ্রাহক বা ক্রেতাকে প্রশিক্ষিত ও দক্ষ জনবলের তালিকা দেখাতে হয়।পড়ার সুযোগ যেখানে: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারিভাবে পরিচালিত নারায়ণগঞ্জে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি প্রশিক্ষণকেন্দ্রে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিপ বিল্ডিং টেকনোলজি ও দুই বছর মেয়াদি শিপ বিল্ডিং, শিপ ফেব্রিকেশন ও শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ড্রাফটসম্যানশিপ কোর্স চালু রয়েছে। খোরশেদ আলম আরও বলেন, তিন বছর মেয়াদি স্নাতক কোর্সে পড়ার সুযোগ রয়েছেকেমব্রিজ মেরিটাইম কলেজে (সিএমসি)। এখানে ডিপ্লোমা প্রকৌশলীদেরও ভর্তির সুযোগ আছে। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) ও মাল্টিমিডিয়া কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতেও (এমসিইটি) ডিপ্লোমা কোর্স করার সুযোগ আছে।এক্ষেত্রে ভর্তিচ্ছু প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমানের পাস হতে হবে। প্রশিক্ষণের বিষয়: জাহাজ নির্মাণসংক্রান্ত প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দুটোতেই জোর দেওয়া হয়। এখানে জেনারেল শিপ নলেজ, বেসিক ইলেকট্রিসিটি, শিপ বিল্ডিং ড্রয়িং, মেকানিক্যাল ড্রয়িং, নেভাল আর্কিটেকচার, বেসিক ওয়েল্ডিং, শিপইয়ার্ড প্র্যাকটিস, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, বেসিক ইলেকট্রনিক, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, শিল্প ব্যবস্থাপনা, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান, নিরাপত্তা প্রভৃতি সম্পর্কে পড়ানো হয়। ব্যবহারিক জ্ঞানের জন্য বিভিন্ন জাহাজ নির্মাণ কারখানায় কাজ করতে হয়।যোগাযোগ: বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি প্রশিক্ষণকেন্দ্র, বন্দর, নারায়ণগঞ্জ। ফোন: ৭৬৬১১১৯। সিএমসি, উত্তরা মডেল টাউন, ঢাকা। ফোন: ৭৯১২১৫৭-৮। ওয়েবসাইট: www.cmcollege.com। মাল্টিমিডিয়া কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (এমসিইটি), কাঁটাবন, ঢাকা। ফোন: ৮৬৩১৭১৮-৯। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি), ২৯/১ কারওয়ান বাজার, ঢাকা। ফোন: ০১৭৩১২২০০৯৯ ওয়েব: www.nift.edu.bd