জাহাজে ডাকাতের হামলায় বিদেশি নাগরিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সশস্ত্র ডাকাত দলের হামলায় বিদেশি একটি জাহাজের এক কর্মকর্তা আহত হয়েছেন। বহির্নোঙরের ‘এ’ নোঙর এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতের দিকে এ ঘটনা ঘটে।মারকো নামের ওই কর্মকর্তা ক্রোয়েশিয়ার নাগরিক। জাহাজটির স্থানীয় প্রতিনিধি এসএস সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। এসএস সার্ভিসের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে এক সশস্ত্র ডাকাত ওই জাহাজে ডাকাতির চেষ্টার চালায়। এ সময় জাহাজের নাবিকেরা বাধা দিলে ডাকাতেরা একপর্যায়ে মারকোর মাথায় ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই বন্দরের বেতার নিয়ন্ত্রণ কক্ষ এবং কোস্টগার্ডকে জানানো হয়।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ছিঁচকে চোররাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। জাহাজে নিরাপত্তার দায়িত্বে ওয়াচম্যানও নিয়োগ দেওয়া হয়নি বলে তিনি জানান। বন্দর সূত্র জানায়, ৪০ হাজার ২০০ টন সিমেন্ট ক্লিংকার নিয়ে এমভি হানা নামের জাহাজটি বন্দরে আসে ১৭ জানুয়ারি।