জাহাজে হজযাত্রী না পাঠানোর সুপারিশ সংসদীয় কমিটির
কোনোমতেই জাহাজে করে হজযাত্রী না পাঠানোর সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মজিবর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, হজযাত্রী পাঠানোর বিষয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুসারে জাহাজে হজযাত্রী পাঠানোর কোনো সুযোগ নেই। তা ছাড়া বাংলাদেশও বহু আগে জাহাজযোগে হজযাত্রী পাঠানো বন্ধ ঘোষণা করেছে। তাই জাহাজে সৌদি আরবে হজযাত্রী প্রেরণের বিষয়ে কোনো আলোচনারও সুযোগ নেই।সভায় জানানো হয়, সৌদি আরবে হজযাত্রী পাঠানোর দায়িত্ব সম্পূর্ণরূপে ধর্ম মন্ত্রণালয়ের এবং এ সংক্রান্ত সুপারিশ করার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির। জাহাজে হজযাত্রী না পাঠানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নৌপরিবহন মন্ত্রণালয়কে অবহিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, এ বি এম আবুল কাসেম, বজলুল হক হারুন, এ কে এম এ আউয়াল ও সাধনা হালদার সভায় অংশ নেন। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।