জাহান মণি যেভাবে জিম্মি হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহান মণি কীভাবে জলদস্যুদের কবলে পড়ল, দস্যুরা কীভাবে ধাওয়া করে জাহাজটির ওপরে উঠে নিয়ন্ত্রণ নিল, তা বর্ণনা করেছেন ক্যাপ্টেন ফরিদ আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, জাহান মণি সিঙ্গাপুরে সামান্য মেরামতকাজ সেরে যাচ্ছিল গ্রিসে। এ জন্য অন্তত দুই মাসের খাবার-দাবার, প্রয়োজনীয় জ্বালানি তেলসহ আনুষঙ্গিক সরঞ্জাম সঙ্গে নেওয়া হয়। জাহাজটি আরব সাগরের ভারতীয় লাক্ষা দ্বীপের কাছাকাছি আসার পর ৫ ডিসেম্বর দুপুরের দিকে জলদস্যুদের একটি দ্রুতগতির নৌকার উপস্থিতি লক্ষ করা যায়। নৌকায় ছয়জন জলদস্যু ছিল। নৌকাটি জাহান মণির দিকে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখে জাহাজে সতর্কবার্তা জারি করা হয়। এই বার্তা পৌঁছে যায় ভারতীয় নৌবাহিনীর নিকটস্থ যুদ্ধজাহাজেও।ফরিদ বলেন, সতর্কবার্তা জারি করতে না-করতেই জলদস্যুদের নৌকাটি জাহান মণির কাছাকাছি এসে যায়। এ সময় জাহাজের গতি বাড়িয়ে এবং জিগজাগ পদ্ধতিতে জাহাজ ডানে-বাঁয়ে ঘুরিয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি করা হলে জলদস্যুদের নৌকাটি পিছু হটে যায়। বিকেলের দিকে জলদস্যুরা আবার আসে। এবার তারা জাহাজে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। তখন ক্যাপ্টেনের নির্দেশে সবাই চলে যান ওপরের তলার ব্রিজ রুমে (জাহাজের সর্বোচ্চ তলার কক্ষ, যেখান থেকে জাহাজ পরিচালনা করা হয়)। কিছুক্ষণের মধ্যে জলদস্যুরা জাহাজের পেছনে নিজস্ব সিঁড়ি লাগিয়ে ওপরে উঠে আসে। এরপর তারা জানালা নিয়ে অস্ত্র ঠেকিয়ে ব্রিজ রুম খুলতে বাধ্য করে।রুমে ঢুকেই জলদস্যুরা অস্ত্রের মুখে সবাইকে ব্রিজ রুমের মেঝেতে শুয়ে পড়তে বলে। ছোট এই কক্ষের মেঝেতে জায়গা না হওয়ায় একজন অন্যজনের ওপর শুয়ে পড়েন। জলদস্যুরা জাহাজের ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য করে। এর মধ্যে তারা মুঠোফোনে অন্য একটি মাছ ধরার ট্রলারের সঙ্গে যোগাযোগ করে। ১০-১৫ মিনিটের মধ্যে ওই ট্রলার নিয়ে আরও ১৫-১৬ জন জলদস্যু জাহান মণিতে এসে পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ জাহান মণির দিকে আসতে থাকে। বিষয়টি বুঝতে পেরে জলদস্যুরা ক্যাপ্টেনের মাথার পেছনে অস্ত্র ঠেকিয়ে বলে, ভিএইচএফের মাধ্যমে যুদ্ধজাহাজকে ফিরে যেতে বলুন। পাঁচ মিনিটের মধ্যে ওই জাহাজ চলে না গেলে ২৬ জনের সবাইকে গুলি করে নদীতে ফেলে দেবে—ক্যাপ্টেনকে দিয়ে এমন ঘোষণা করানো হয়। ফলে ভারতীয় যুদ্ধজাহাজটি জাহান মণির কাছাকাছি এসেও ফিরে যেতে বাধ্য হয়।এরপর জলদস্যুরা জাহাজের ক্যাপ্টেনকে দ্রুতগতিতে সোমালিয়ার দিকে যেতে বলে। এভাবে টানা পাঁচ দিন চলার পর জাহান মণি সোমালিয়ার উপকূলে ভেড়ে।জাহাজ নিয়ে টানাটানি: নাবিকেরা জানান, জাহান মণি সোমালিয়ার উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের সাগরে পৌঁছায় পাঁচ দিন পর এক বিকেলে। নিজেদের আস্তানায় জাহাজ নিতে আসতে পারায় জলদস্যুরা কিছুটা স্বস্তি বোধ করে। কিন্তু রাতের আঁধার নামার সঙ্গে সঙ্গে হঠাৎ শুরু হয় গোলাগুলি। কে কাকে মারছে, বোঝার উপায় নেই। জাহাজে জলদস্যুদের তৎপরতা দেখে বোঝা গেল, তাদের প্রতিপক্ষের কেউ হামলা করেছে। জলদস্যুরা সেই হামলা ঠেকাতে লড়ে যাচ্ছে প্রাণপণ। এভাবে সারা রাত বন্দুকযুদ্ধের পর ভোরের দিকে গোলাগুলির শব্দ কমে আসে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বোঝা গেল, যুদ্ধে জাহাজের জলদস্যুরা জিতে গেছে।জাহান মণির নাবিক মো. ইলিয়াস গতকাল দুপুরে জাহাজের ডেকে দায়িত্ব পালনকালে প্রথম আলোকে বলেন, ‘পরে আমরা শুনেছি, জলদস্যুরা প্রথমে কোনো জাহাজ আটক করলে অন্য পক্ষগুলো সেটা ছিনিয়ে নিতে চেষ্টা করে। জাহান মণি সোমালিয়ায় পৌঁছার পর গোলাগুলির ঘটনা এ কারণে হয়েছিল বলে অনুমান করা যায়।’জাহাজের একমাত্র নারী জিম্মি রোখসানা গুলশান বলেন, ১০০ দিনের বন্দিদশায় জাহাজটিকে সোমালিয়ার উপকূলের বিভিন্ন জায়গায় অন্তত চারবার সরিয়ে রাখা হয়। প্রতিপক্ষ দল হামলা করে জাহাজের দখল নেবে—এমন আশঙ্কায় বারবার জাহান মণির জায়গা বদল করা হয়।