জাহান মণিকে গ্রহণ করতে সালালাহতে ব্যাপক প্রস্তুতি
জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি আজ শুক্রবার দুপুরের মধ্যে সালালাহ বন্দরে ভেড়ার কথা ছিল। কিন্তু গতি বাড়াতে না পারায় বন্দরে পৌঁছাতে আজ মধ্যরাত কিংবা কাল সকাল হতে পারে। জাহাজটির ক্যাপ্টেন ফরিদ আহমেদ কাল বিকেলে উপগ্রহ ফোনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জাহাজমালিক প্রতিষ্ঠান এসআর শিপিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিমকে।তবে এখন জলদস্যু-আক্রান্ত হওয়ার ঝুঁকি কেটে গেছে বলে ক্যাপ্টেন জানান। কারণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রধারী ছয়জন বেসরকারি নিরাপত্তারক্ষী জাহান মণিকে পাহারা দিয়ে নিয়ে আসছেন। এ ছাড়া একটি শক্তিশালী সাহায্যকারী জাহাজ (টাগবোট) পেছন পেছন চলছে। এর বাইরে আরব সাগরে জলদস্যুতা নিরোধসংক্রান্ত যৌথ নৌবাহিনীর সঙ্গেও জাহান মণির সময়ে সময়ে যোগাযোগ হচ্ছে।জাহান মণি সালালাহ বন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে নাবিকদের দ্রুত জাহাজ থেকে নামিয়ে তিন তারকা মানের একটি হোটেলে নিয়ে যাওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কাজ তদারকি করতে জাহাজমালিক মো. শাহজাহান ও মেহেরুল করিম সস্ত্রীক ইতিমধ্যে চট্টগ্রাম থেকে সালালাহ এসে পৌঁছেছেন।মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘চোরাইয়্যারা (জলদস্যুরা) নাবিকদের গায়ের জামা এমনকি পায়ের জুতা পর্যন্ত খুলে নিয়ে গেছে। তাই বন্দরে নামার সঙ্গে সঙ্গে নাবিকেরা যাতে অস্বস্তিতে না পড়েন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’জানা গেছে, সালালাহ বন্দরে নামার সঙ্গে সঙ্গে ২৬ নাবিককে সালালাহর সুস্বাদু ডাবের পানি, মিষ্টি ও অন্যান্য খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর তাঁদের হোটেলে এনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য স্থানীয় দুজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা প্রয়োজন মনে করলে কোনো নাবিককে স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবেন।নাবিকদের আনুষ্ঠানিকভাবে গ্রহণের জন্য ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী আজ সকালে ওমান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের সালালাহ আসছেন। দূতাবাস নাবিকদের সম্মানে কাল শনিবার দুপুর অথবা রাতে বিশেষ ভোজের ব্যবস্থা করেছে। দূতাবাস সূত্রে এ তথ্য জানানো হয়।