জলদস্যু থেকে মুক্ত হলেও পুরোপুরি বিপদ কাটেনি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণির। জাহাজটির আশপাশে এখনো জলদস্যুদের অন্যান্য দল ঘোরাঘুরি করছে। এই তথ্য পাওয়ার পর জাহাজটির মালিকপ্রতিষ্ঠান এসআর শিপিং কোম্পানি লিমিটেডের পক্ষে জাহান মণিকে সহায়তা দিতে সালালাহ বন্দর থেকে গত মঙ্গলবার একটি বেসরকারি সাহায্যকারী জাহাজ (টাগবোট) পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিরাপত্তাকর্মীরা জাহান মণিতে অবস্থান নিয়েছেন।এসআর শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম প্রথম আলোকে বলেন, ‘টাগবোটে করে জাহান মণির নাবিকদের জন্য কিছু কম্বল ও খাবার পাঠানো হয়েছে। দেওয়া হয়েছে ১০ মেট্রিক টনের মতো জ্বালানি তেল। নিরাপত্তাকর্মীরা ওঠার পর নাবিকদের মনোবল অনেক বেড়ে গেছে। টাগবোটটিও জাহান মণির পাশাপাশি থেকে সালালাহ বন্দরের দিকে এগিয়ে চলেছে।৯৯ দিন আটকে রাখার পর মুক্তিপণের মাধ্যমে সমঝোতা প্রতিষ্ঠা হওয়ায় জলদস্যুরা জাহাজটি গত সোমবার ছেড়ে দেয়। এই জাহাজে ২৫ জন নাবিক ও একজন নাবিকের স্ত্রী আছেন।সর্বশেষ খবরে জানা যায়, গতকাল রাতের মধ্যে জাহাজটি অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়েছে। সোমালিয়া ও সালালাহ বন্দরের দূরত্ব প্রায় ৮২০ নটিক্যাল মাইল। বাকি পথ পাড়ি দিতে জাহান মণির আরও দুই দিন লাগবে।মুক্তির ব্যাপারে মধ্যস্থতাকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সোমালিয়ার কারাকাট উপকূল থেকে সালালাহ বন্দরের দিকে যাত্রা শুরুর পর তারা জাহাজের গতিবিধির ওপর নজর রাখছিল। প্রায় ২৪ ঘণ্টা পর জাহান মণির যাত্রাপথের আশপাশে জলদস্যুদের কয়েকটি দলের উপস্থিতি লক্ষ করা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানটি ই-মেইলে জাহান মণির নিরাপত্তা বাড়াতে অনুরোধ জানায়।জানা গেছে, ভাড়া করা টাগবোট ছাড়াও ফরাসি নৌবাহিনীর যুদ্ধজাহাজ এফএস নিভোস গত মঙ্গলবার মাঝপথে জাহান মণির সাক্ষাৎ পায়। এ সময় ফরাসি নৌসেনারা জাহান মণির কাছে গিয়ে নাবিকদের কিছু খাদ্যসামগ্রী ও পানি সরবরাহ করেন। যুদ্ধজাহাজটি জাহান মণিকে কিছু দূর এগিয়ে নিয়ে যায়।গতকাল বিকেলে জাহান মণির ক্যাপ্টেন ফরিদ আহমেদের সঙ্গে উপগ্রহ ফোনে সর্বশেষ কথোপকথনের সূত্র ধরে এসআর শিপিংয়ের কর্মকর্তারা জানান, জাহাজটি যে গতিতে সালালাহ বন্দরে আসার কথা, সেই গতিতে চালানো যাচ্ছে না। এটি চলছে ঘণ্টায় ছয় থেকে সাত নটিক্যাল মাইল গতিতে। অথচ জাহাজটি চলার কথা ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল গতিতে। প্রায় তিন মাস জাহাজটি অচল অবস্থায় সোমালিয়ার দ্বীপে পড়ে থাকার কারণে এর গায়ে শ্যাওলা জমেছে। ইঞ্জিনও পূর্ণগতিতে কাজ করছে না। এ ছাড়া মাঝপথে টাগবোট থেকে তেল নেওয়া ও নিরাপত্তাকর্মী তোলার কারণে কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে।কাল ভিড়বে বন্দরে: কাল শুক্রবার রাতের মধ্যে এমভি জাহান মণি সালালাহ বন্দরে ভেড়ার কথা। তবে নাবিকদের দেশে পাঠানো হবে মঙ্গলবার। জাহাজ ভেড়ার পর নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা, বিশ্রাম ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা সারতে তিন-চার দিন লাগতে পারে বলে জানা গেছে। এর মধ্যে জাহাজের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ মেরামত করা হবে।এদিকে ওমানের বাংলাদেশ দূতাবাস ও জাহাজমালিকের স্থানীয় এজেন্ট ‘ইন্সকেপ শিপিং সার্ভিসের’ পক্ষ থেকে এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। জাহাজের মালিক মো. শাহজাহান নিজেও ইতিমধ্যে সস্ত্রীক সালালাহ পৌঁছেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘নাবিকদের মধ্যে একজন মহিলা আছেন বলে আমি আমার স্ত্রীকেও সঙ্গে এনেছি। এতে ওই মহিলার মনোবল বাড়বে।’ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মুক্ত বাংলাদেশি নাবিকদের গ্রহণের জন্য আমি শুক্রবার মাস্কাট থেকে সালালাহ আসছি। ওমানের রাজধানী মাস্কাট থেকে সালালাহর দূরত্ব এক হাজার কিলোমিটারেরও বেশি।’ইন্দোনেশিয়া থেকে ৩৯ হাজার মেট্রিক টন নিকেল আকরিক নিয়ে গ্রিস যাওয়ার পথে গত ৫ ডিসেম্বর এমভি জাহান মণি আরব সাগরের ভারতীয় উপকূলের কাছে জলদস্যুর কবলে পড়ে।