জাহান মণির নাবিকদের জন্য ৯০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণির ২৬ বাংলাদেশি নাবিকের মুক্তির জন্য ৬২ কোটি টাকা (৯০ লাখ মার্কিন ডলার) মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। এই মুক্তিপণের অর্থের অঙ্ক নিয়ে এখন সোমালিয়ার জলদস্যু এবং চট্টগ্রামের জাহাজ মালিকের মধ্যে আলোচনা চলছে। ৫ ডিসেম্বর আরব সাগরের ভারত উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি জাহান মণি।জাহাজমালিক ও চট্টগ্রামের ব্যবসায়ী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, জলদস্যুরা আলোচনার মাধ্যমে অনেক কম মুক্তিপণেও জাহাজ এবং নাবিকদের ছেড়ে দিতে রাজি হয়। তবে তিনি জলদস্যুদের দাবি করা মুক্তিপণের অঙ্ক সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলেননি। নাবিকদের স্বজন ও অন্যান্য সূত্রে জানা যায়, সোমালিয়ার জলদস্যুরা নিজেদের মোবাইল ফোন থেকে জাহাজের অন্য নাবিকদের বাংলাদেশে আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলার সুযোগ করে দিচ্ছে। তারা মুক্তিপণের অর্থ দ্রুত পৌঁছে দিতে তাঁদের মাধ্যমে স্বজনদের চাপ দিচ্ছে। জলদস্যুরা ৯০ লাখ মার্কিন ডলার (৬২ কোটি টাকা) মুক্তিপণ চাইছে বলে জাহাজের নাবিকেরা তাঁদের স্বজনদের জানান। সূত্র জানায়, জলদস্যুরা নাবিকদের সঙ্গে তেমন খারাপ আচরণ করছে না। তবে ২৬ জন নাবিককে একটি কক্ষে আটকে রেখে সশস্ত্র পাহারা দিচ্ছে। সবাইকে অল্প অল্প শুকনা খাবার দেওয়া হচ্ছে। জাহাজে আর মাত্র পাঁচ দিনের খাবার ও জ্বালানি আছে। খাদ্য ও জ্বালানি শেষ হলে বন্দীদের মুক্তি দেওয়া কঠিন হবে বলে জলদস্যুরা সতর্ক করে দিচ্ছে। রোববার রাতে ময়মনসিংহের উর্মিলা শারমিন তাঁর স্বামী জাহাজের দ্বিতীয় প্রকৌশলী আবুল বাশারের সঙ্গে কথা বলেন। প্রায় ১০ মিনিটের আলাপে বাশার তাঁকে জানান, মুক্তিপণের ৯০ লাখ মার্কিন ডলার জলদস্যুদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে জাহাজ মালিক ও সরকারকে জানাতে বলেছেন। দ্রুত টাকা না দিলে বিপদ হবে বলেও তিনি জানান। জাহান মণির ইঞ্জিন ক্যাডেট শাহরিয়ার রাব্বীর (২২) মা বিলকিস রহমান বলেন, ‘রোববার আমার ছেলে টেলিফোন করে অনেক কান্নাকাটি করেছে। মুক্তিপণের টাকা দ্রুত জলদস্যুদের হাতে তুলে দিতে অনুনয়-বিনয় করেছে। না হলে দস্যুরা তাদের ওপর নির্যাতন করবে।’ তিনি বলেন, জলদস্যুদের মোবাইল ফোন থেকে ছেলে তাঁকে ফোন করেন। আমাদের ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, জাহাজের নাবিক ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালীর এমদাদ হোসেন রোববার রাতে তাঁর স্ত্রী আলেয়া আক্তারের সঙ্গে কথা বলেছেন। জলদস্যুরা মোবাইল ফোনে কথা বলতে তাঁকে পাঁচ মিনিট সময় দেয়। তিনিও ৯০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ চাওয়ার বিষয়টি আলেয়াকে জানিয়ে বলেন, তাঁরা এখন সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী। ২৬ জনকে একটি কক্ষে রাখা হয়েছে। গত ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় উপকূল থেকে এমভি জাহান মণি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজে ২৫ জন বাংলাদেশি নাবিক এবং জাহাজের প্রধান প্রকৌশলীর স্ত্রী আছেন। জলদস্যুরা জাহাজটি প্রায় দেড় হাজার নটিক্যাল মাইল দূরে সোমালিয়া উপকূলে নিয়ে গেছে। জলদস্যুদের কবলে পড়ার আট দিন পর রোববার প্রথম জাহাজের ক্যাপ্টেনকে মালিকের সঙ্গে দুই দফা কথা বলার সুযোগ দেওয়া হয়।