জাহান মনির ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব সাগরের ভারতীয় উপকূলে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনির ক্যাপ্টেনের সঙ্গে আজ রোববার যোগাযোগ করা হয়েছে। জাহাজে থাকা লোকজন সুস্থ ও ভালো আছেন বলে তিনি জানিয়েছেন। জলদস্যুরা এখনো তাঁদের কাছে কোনো মুক্তিপণ দাবি করেনি। গত রোববার আরব সাগরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। বর্তমানে জাহাজটি সোমালিয়া উপকূলে রয়েছে। জাহাজটির মালিক এসআর শিপিং। বারবার চেষ্টা করে প্রায় এক সপ্তাহ পর মালিকপক্ষ আজ জাহাজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে।জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে একবার জাহাজের মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের পক্ষ থেকে জাহাজের স্যাটেলাইট মোবাইল ফোনে ফোন করা হয়। পরে সন্ধ্যায় আবার জাহাজে ফোন করা হয়। এ সময় জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমেদ এবং প্রধান প্রকৌশলী মতিউল মাওলার স্ত্রী রুখসানা গুলজারের সঙ্গে কথা হয়। জাহাজের মালিক মো. শাহজাহান বলেন, জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলীর স্ত্রী গুলজার তাঁকে জানিয়েছেন, তাঁরা সবাই সুস্থ আছেন। জলদস্যুরা তাঁদের সঙ্গে ভালো আচরণ করছে। তাঁদের খাওয়া-দাওয়া এবং নামাজ আদায়ের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে।জাহাজের ক্যাপ্টেন ফোনে জানিয়েছেন, জাহাজে বর্তমানে ২০-২৫ জন জলদস্যু আছে। তারা সবাই কৃষ্ণাঙ্গ। তবে কেউ তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেনি।