জাহান মনি’ উদ্ধারে আইএমওর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
সোমালীয় জলদস্যুদের হাতে অপহূত বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনিসহ ২৬ জন নাবিককে উদ্ধারে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএমওর মহাসচিব ইফথিমিওস মিট্টোপোলস গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডনের হোটেল হিল্টনে তাঁর স্যুটে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান।এমভি জাহান মনি ও নাবিকদের অপহরণে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ চায়, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইএমও দস্যুতার এই প্রবণতা বন্ধ করুক। তিনি বলেন, অনুরোধ পেলে বাংলাদেশ সোমালিয়া ও এর আশপাশে জলদস্যুতা দমনে নিয়োজিত টাস্কফোর্সে যোগ দেবে।বৈঠকে আইএমওর মহাসচিব দেশের নাবিকদের আধুনিক প্রশিক্ষণ প্রদানসহ বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ও শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি বিকাশে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন।পরে ইউরোপীয় পার্লামেন্টের লন্ডনবিষয়ক সদস্য চার্লস টানোক প্রধানমন্ত্রীর সঙ্গে একই স্থানে সৌজন্য সাক্ষাত্ করেন। বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দীন, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এম সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।