চোখ বন্ধ করে নিজের কাছে যদি প্রশ্ন করি প্রিয় নায়ক কে? কোনো মুখ কি ভেসে ওঠে? না, তবে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতার সঙ্গে কাজ করেছি। সেসব কাজের মুহূর্তগুলোতে সংশ্লিষ্ট অভিনেতাদের তো ভালোই লেগেছে।তিতলি আপু, কঙ্কা আপু—এই সংলাপে যখন জাহিদ ভাই টিভি পর্দায় আসতেন, তখন যে কী ভালো লাগত, তা বলে বোঝাতে পারব না। জাহিদ ভাইয়ের মধ্যে যে কী পরিমাণ হাস্যরস আছে এবং তিনি যে কতটা মজার মানুষ, তা একমাত্র তাঁর সঙ্গে কাজ না করলে বোঝা যাবে না। আমি জাহিদ ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করেছি। কাজ করতে গিয়ে মনে হয়েছে, হিউমারে তাঁর ওপর কেউ নেই। পাশাপাশি তিনি সব ধরনের চরিত্রেই খুবই সাবলীলভাবে অভিনয় করেন।ফজলুর রহমান বাবু ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছু ভালো কাজ আছে। বাবু ভাইয়ের অভিনয়-প্রতিভা নিয়ে নতুন করে বলারও কিছু নেই। বাবু ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে একটি ঘটনার কথা না বললেই নয়। একটি নাটকের দৃশ্যে ছিল, পান্তাভাত খাব আমরা। হঠাৎ তাঁর সঙ্গে ঝগড়া লেগে যায়। বাবু ভাইকে বলা হলো, সে যেন আমাকে আঘাত করে। বাবু ভাই সত্যি সত্যি আমাকে এমন মার মারলেন যে এখনো মারের সেই দাগ শরীরে রয়ে গেছে। আসলে, বাবু ভাই অভিনয়ের সময় এমনভাবে চরিত্রের মধ্যে মিশে যান, তিনি ভুলে যান যে তিনি অভিনয়ের চরিত্রের সত্যিকারের মানুষ নন। তাঁর সঙ্গে কাজ করার মধ্যে অন্য রকম এক আনন্দ খুঁজে পাই।আফজাল হোসেন ছিলেন অনেকের কাছেই স্বপ্নের নায়ক। আমার কাছেও সে রকম একজন অবশ্যই। আমার প্রথম কাজ তো তাঁর সঙ্গেই। তাঁর কথা, তাঁর ভাবনা, তাঁর নির্মাণশৈলী, তাঁর অভিনয়—সবকিছুই আসলে দৃষ্টি কেড়ে নেয়।মাহফুজ আহমেদ। অভিনয় করছেন আবার পরিচালনাও করছেন। সাম্প্রতিক সময়ে আমি তাঁর সঙ্গে অনেকগুলো কাজ করলাম। তিনি কাজের প্রতি এত বেশি যত্নবান যে সেই কাজ ভালো না হয়ে উপায়ই নেই। আমি মাহফুজ আহমেদের চৈতা পাগল নাটকে কাজ করেছি, খুবই ভালো লেগেছে। এত বেশি চাপ, এত ব্যস্ততা, তার পরও তাঁকে কোনো দিন রাগতে দেখিনি। আমি বোধ হয় ভাগ্যবতী, তাই আমি আমার অভিনয়জীবনে এমন ভালো ভালো মানুষের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম।শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদের কথাও বলতে হয়। তাঁদের যে কাজের স্টাইল, তাঁরা যে মাপে অভিনয় করেন, তাঁদের সঙ্গে থেকে কাজ করে আমি শিখতে পারি। কত ধরনের চরিত্রকে যে তাঁরা কতভাবে তুলে ধরেন, সেটা আসলে কাজ না করলে বুঝতে পারতাম না।চঞ্চল চৌধুরী আমার সঙ্গে প্রথম কাজ করেছিল। কাজের সময় দেখেছি অনেক বেশি যত্নবান আর পরিশ্রমী। কাজটা বুঝে করে। এবং খুবই স্বাভাবিক অভিনয় করে।আসলে আমি যাঁদের সঙ্গে কাজ করেছি এবং অন্য আরও যাঁরা আছেন, তাঁরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় জনপ্রিয় এবং শীর্ষস্থানে আছেন। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় এতটুকু বলতে পারি, আমার নায়কেরা প্রত্যেকেই শিল্পী। অভিনয়টা তাঁদের সত্ত্বায় ঢুকে গেছে। আমরা কিছু ভালো অভিনেতা পেয়েছি, তাই আমাদের অভিনয়ের অঙ্গনটাও তাঁরা অনেক আলোকিত করে রেখেছেন।