জাহিদ হাসানের পরিচালনায় মিম
অভিনয়শিল্পী জাহিদ হাসানের বিপরীতে এর আগে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন মিম। কিন্তু তাঁর পরিচালনায় কখনো কাজ করা হয়ে ওঠেনি মিমের। এবারই প্রথম জাহিদ হাসানের পরিচালনায় কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন মিম।নতুন এই ধারাবাহিক নাটকটির নাম ‘টো টো কোম্পানি’। এরই মধ্যে জাহিদ হাসানের জন্মস্থান সিরাজগঞ্জে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। আর সে সময়ই জাহিদ হাসানের পরিচালনায় শুটিং শুরু করবেন মিম। মিম বলেন, ‘আমি সবেমাত্র নাটকটির চিত্রনাট্য হাতে পেয়েছি। এখনো পড়ার সুযোগটা হয়নি। আশা করছি, জাহিদ হাসানের পরিচালনায় কাজ করে অন্য রকম অভিজ্ঞতা হবে। এমনকি অনেক কিছু জানারও সুযোগ হবে।’ এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, প্রথমদিকে নাটকটিতে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী তিন্নির। কিন্তু অনিয়মের কারণে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিতে বাধ্য হন পরিচালক।অভিনয়ের পাশাপাশি সম্প্রতি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মিম। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মিমের প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। এ সম্পর্কে মিম বলেন, ‘বইটি প্রথম বাজারে আসে ৭ ফেব্রুয়ারি। সেদিনই মেলায় উপস্থিত পাঠকদের প্রতিক্রিয়া পেয়েছি। আমি সত্যিই অভিভূত। পাঠকেরা আমার বই এত ভালোভাবে নেবেন তা ভাবতেও পারিনি। গত ১৪ তারিখ আবারও মেলায় গিয়েছিলাম। স্টলে বসে অনেক অটোগ্রাফও দিয়েছি। আসলেই এটা অন্য রকম এক অনুভূতি।’