জাহিদুলকে যুবলীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলায় জড়িত থাকায় গ্রেপ্তার এবং ওই মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাহিদুল ইসলাম দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।কুষ্টিয়া জেলা যুবলীগ সভাপতি এ কে সিদ্দিক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লালন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জাহিদুলের সম্পৃক্ততার অভিযোগ আসায় তাঁকে জেলা যুবলীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক সদস্যপদ থেকে কেন্দ্রীয়ভাবেও তাঁকে বহিষ্কারের সুপারিশনামা পাঠানো হয়েছে।এর আগে গত ২১ নভেম্বর রাতে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামারুল আরেফিনকে একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়।