জাহিদের ‘টো টো কোম্পানি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিছুদিন আগে শুটিংয়ের ফাঁকে বাসায় দুপুরের খাবার খাচ্ছি। মা পাশে বসে খাবার এগিয়ে দিচ্ছিলেন। জিজ্ঞেস করলেন, “নাটকের নাম কী?” বললাম, টো টো কোম্পানি। তিনি একটু গম্ভীর হয়ে বললেন, “নিজে যা ছিলি, তা-ই নিয়ে নাটক বানাচ্ছিস?” সেদিন মায়ের কথা শুনে হেসেছিলাম।’ বললেন জাহিদ হাসান। সিরাজগঞ্জে নিজের বাড়িতে এবং শহরের বিভিন্ন এলাকায় জাহিদ এবার তৈরি করছেন তাঁর নতুন ধারাবাহিক টো টো কোম্পানি। নাটকের নাম টো টো কোম্পানি কেন? জাহিদ হাসান বললেন, ‘নিজের মূল কাজ ফেলে যারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কিংবা অপ্রয়োজনীয় কাজের পেছনে ছোটে, তাদের নিয়ে আমার এই নাটকের গল্প। তাই নাম দিয়েছি টো টো কোম্পানি।’জাহিদ এর আগে তাঁর হাতের রেখা কথা বলে ধারাবাহিকের কাজ করেছিলেন এই সিরাজগঞ্জ শহরেই; বললেন, ‘সিরাজগঞ্জ আমার নিজের শহর। এখানে সবাই আমাকে চেনে, জানে। আর তেমনিভাবে সহযোগিতা করে। তাই তো যখন নিজে কোনো ধারাবাহিক, টেলিছবি কিংবা এক ঘণ্টার নাটক পরিচালনা করি, ছুটে আসি সিরাজগঞ্জে।’তিনি জানালেন, নাটকটির ৩০ পর্ব পর্যন্ত তৈরি করে তারপর প্রচারের ব্যাপারে টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা করবেন। নাটকটি লিখেছেন আশরাফুল চঞ্চল। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, সিদ্দিকুর রহমান, মীম, ছন্দা, অহনা, টয়া, দিহান প্রমুখ।