জায়গা বুঝে না পাওয়ায় কাজ শুরু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-ডোমার ২২ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ সড়কটি সংস্কারের জন্য প্রায় দুই বছর আগে দরপত্র প্রক্রিয়া শেষে কার্যাদেশও দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কাজ শুরু করেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।এলাকাবাসীর অভিযোগ, সড়কটির কাজ শুরু হবে বলে ভূমি অধিগ্রহণ, রাস্তার পাশের গাছ কাটাসহ নানা প্রস্তুতি দেখা গেছে। তা ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা বছরের পর বছর আশ্বাসও দিয়ে গেছেন। কিন্তু বাস্তবে কাজ কিছুই হয়নি। সম্প্রতি কথা হয় সড়কের গাড়িচালক লিটন হোসেনের (৩০) সঙ্গে। তিনি বলেন, ‘এ পথে একবার যাওয়া-আসা করলেই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হবে। অনেক দিন ধরেই তো শুনছি, রাস্তাটা নাকি এশিয়ান হাইওয়ে হবে। পঞ্চগড়ের বোদায় নাকি কাজও শুরু করেছে। কিন্তু আমাদের এদিকে তো কোনো লক্ষণ দেখি না।’সড়কসংলগ্ন তরণীবাড়ি এলাকার হীরেন্দ্রনাথ রায় বলেন, ‘পাঁচ বছর থাকি রাস্তাটার এই দশা। মাপামাপি কইরছে। এখনো কোনো কাজ হয় না।’ জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রমতে, সড়কটি সংস্কারের জন্য তিন বছর সময় দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। ২০০৮ সালে সংস্কারকাজ জরুরি হয়ে পড়ায় বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫০ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু কাজের দরপত্র ডাকায় বিচ্ছিন্নভাবে আর সংস্কারও করা যাচ্ছে না। জেলা সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হেসাব উদ্দিন বলেন, ‘এডিবির অর্থায়নে রাস্তাটি নতুন করে সংস্কার করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি বোদা থেকে কাজ শুরু করেছে। যেহেতু সড়কটি অন্য প্রকল্পের আওতায় সংস্কার করা হচ্ছে, তাই আমরা বিস্তারিত কিছু বলতে পারব না। আর আমরা ওই রাস্তা সংস্কারের কাজও করতে পারছি না।’ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের হাইওয়ে প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘গত দুই বছর দুই মাসেও নীলফামারী ডিসি অফিস থেকে আমাদের রাস্তার কাজের জন্য জায়গা বুঝিয়ে দিতে পারেনি। তাই আমরা কাজ শুরু করতে পারছি না। আগামী ২০১১ সালের জুন মাস পর্যন্ত আমাদের কার্যাদেশের মেয়াদ থাকলেও জায়গা বুঝে না পাওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাবে না। তবে নীলফামারী পৌরসভার মেয়রের অনুরোধে শহরের কিছু রাস্তা সংস্কার করে দিয়েছি। কিন্তু এতে আমাদের লোকশান হচ্ছে।’