অপরিচিত, কিন্তু পদার্থ ও জীববিজ্ঞানে অবদান অপরিসীম, উপমহাদেশের এমন একজন বিজ্ঞানী জি এন রামাচন্দ্রণ। পুরো নাম গোপালাসামুদ্রম নারায়ণা আইয়ার রামাচন্দ্রণ। জন্ম ভারতের মাদ্রাজ শহরে, এক তামিল পরিবারে। পদার্থ বা জীববিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে তিনি পরিচিত রামাচন্দ্রণ প্লটের আবিষ্কারক হিসেবে, যার মাধ্যমে পেপটাইডের জটিল গঠন ভালোভাবে বোঝা যায়। এ ছাড়া আছে এক্স রশ্মি টমোগ্রাফি, যেটি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের এক্স-রে করাতে কাজে লাগে। তিনিই প্রথম কোলাজেনের ট্রিপল-হেলিকেল গঠন বর্ণনা করেন। ১৯২২ সালে জন্ম নেওয়া রামাচন্দ্রণ ১৯৪২ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে তড়ির্যা কৌশল বিভাগে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি একই প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন এবং নোবেল বিজয়ী স্যার সি ভি রমনের তত্ত্বাবধানে থেকে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।রামাচন্দ্রণের গবেষণাজীবনের প্রথম দিকের বিচরণক্ষেত্র ছিল স্ফটিক পদার্থবিদ্যা ও স্ফটিক অপটিক্স। এ সময়ই তিনি এক্স-রে মাইক্রোস্কোপের জন্য এক্স-রে প্রতিবিম্ব তৈরি করতে পারে, এমন একটি আয়না বানান। ডক্টরেট ডিগ্রি সম্পন্ন হওয়ার পর তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। সেখানে রামাচন্দ্রণ জীববিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ মেক্রোমৌল নিয়ে গবেষণার দিকে নজর দিলেন এবং যথারীতি সাফল্যের দেখা পেলেন। ১৯৪৫ সালে তিনি কোলাজেনের (শরীর গঠনের একধরনের প্রোটিন) ট্রিপল হেলিকেল গঠন বিশ্লেষণ করেন। এ ছাড়া তিনি বিভিন্ন পলিপেপটাইডের গঠন নিয়ে গবেষণা চালিয়ে যান এবং পেপটাইডকে নির্ধারণ ও পরিমাপ করার জন্য একটি লেখচিত্র বানিয়ে ফেলেন, যেটির নাম দেন ‘ইয়ার্ডস্টিক’। এটিই পরবর্তী সময়ে রামাচন্দ্রণ প্লট নামে পরিচিতি পায়।আসলে রামাচন্দ্রণের কাজগুলো জীব, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিতের এক সুমধুর মিলন, যার বর্তমান নাম মলিকিউলার ফিজিক্স বা আণবিক পদার্থবিজ্ঞান। রামাচন্দ্রণ ১৯৭১ সালে ‘কনভোল্যুশন-ব্যাক-প্রজেকশন-এলগরিদম’ নামের একটি তত্ত্ব আবিষ্কার করেন। এই তত্ত্বটিই এক্স রশ্মি টমোগ্রাফিকে ব্যাপক পরিমাণ উন্নতি সাধন করতে সাহায্য করে। এক্স রশ্মি টমোগ্রাফি হলো আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের ছবি তোলার একটা পদ্ধতি। যেমন ধরুন, আপনি ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং চিকির্যাসক এক্স-রে করলেন। এক্স-রে করার মাধ্যমে জানতে পারলেন, আপনার পায়ের গোড়ালির অংশটুকু মচকে গেছে একটু। আর এই পুরো ব্যাপারটি জানা গেল এক্স রশ্মি টমোগ্রাফির মাধ্যমে। পদার্থবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য তাঁকে ১৯৬১ সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে ভূষিত করা হয়। ১৯৭৮ সালে তাঁর স্ত্রী রাজলক্ষ্মী মারা যাওয়ার পর তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। জীবনের শেষ দিকে তিনি পারকিনসন্স রোগে ভুগেছেন। উপমহাদেশের এই মহান বিজ্ঞানী ২০০১ সালে ৭৮ বছর বয়সে জীবনের সমাপ্তি টানেন। বিশ্বজির্যা পোদ্দার