জি এম কাদের বাণিজ্য, ফারুক বিমান, মন্ত্রিত্বে বহাল আবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের মন্ত্রিসভায় সামান্য রদবদল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে ফারুক খানকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন এবং ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জি এম কাদেরকে বাণিজ্যমন্ত্রীর দেওয়া হয়েছে। বহুল আলোচিত যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তাঁর মন্ত্রণালয় হারিয়েছেন। বিশ্বব্যাংক তাঁর বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনে। তাঁকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে গঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ইয়াফেস ওসমান। গত ২৮ নভেম্বর শপথ নেওয়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে রেল এবং সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ওই দিন তাঁদের সঙ্গে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন।গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন রেলপথ বিভাগকে আলাদা করে নতুন একটি মন্ত্রণালয় গঠন করেছে সরকার। একইভাবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে আলাদা দুটি মন্ত্রণালয় গঠন করা হয়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের মন্ত্রিসভা গঠিত হয়। এরপর একই বছরের ২৪ জানুয়ারি এবং ২৫ জুলাই দুই দফায় মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়। গত ২৮ নভেম্বর আরেক দফায় আরও দুজন নতুন মন্ত্রী হন। এ নিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৪৬ জন।বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকে এখন পর্যন্ত কেউ বাদ পড়েননি। তানজিম আহমদ সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলেও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তাঁকে দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে দেখানো আছে।