জি-৮ নেতারা বললেন, গাদ্দাফিকে সরে যেতেই হবে
ফ্রান্সে শেষ হওয়া দুই দিনের জি-৮ সম্মেলন শেষে গতকাল শুক্রবার সংস্থাটির নেতারা এক যৌথ বিবৃতিতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, তাঁকে অবশ্যই সরে যেতে হবে।রাশিয়াও এই যৌথ বিবৃতিতে একমত পোষণ করেছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে মস্কো লিবিয়ার নেতা গাদ্দাফির সরে যাওয়ার রাস্তা প্রস্তুত করার মধ্যস্থতা করতে রাজি হয়েছে। তবে লিবিয়া অভিযানে ন্যাটোর ভূমিকার সমালোচনা করেছে রাশিয়া। জি-৮ সম্মেলন শেষে ওই যৌথ বিবৃতে বলা হয়েছে, ‘গাদ্দাফি ও লিবিয়া সরকার দেশটির জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং তিনি আইনি বৈধতা হারিয়েছেন। স্বাধীন ও গণতান্ত্রিক লিবিয়ায় তাঁর কোনো ভবিষ্যত্ নেই। তাঁকে অবশ্যই সরে যেতে হবে।’জি-৮ নেতারা সিরিয়ায় রক্তক্ষয়ী হামলারও নিন্দা করেন। জোটটি তাদের বিবৃতিতে তিউনিসিয়া ও মিসরের জন্য পরবর্তী দুই বছর পর্যন্ত দুই হাজার কোটি ডলারের প্যাকেজ দেওয়ারও পরিকল্পনা অন্তর্ভুক্ত করেছে।