জিএসপি ফিরে পেতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করে শ্রমমান ও কর্মপরিবেশের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে এ মুহূর্তে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের জিএসপি ফিরে পেতে সহযোগিতা করে যাবে মার্কিন প্রশাসন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাট্রিক ভ্যানট্রেল আজ শনিবার তাঁর দপ্তরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেন। জিএসপি স্থগিত করার পর বাংলাদেশের কোনো প্রতিক্রিয়া মার্কিন প্রশাসন জানতে পেরেছে কি না, এ ব্যাপারে বলতে গিয়ে তিনি মার্কিন সরকারের এ মনোভাব তুলে ধরেন। কারখানার শ্রমিকদের কাজের পরিবেশের উন্নয়নে পদক্ষেপ না নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২৮ জুন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) স্থগিতের ঘোষণা দেন। জিএসপি স্থগিত করার সিদ্ধান্তটি প্রজ্ঞাপন আকারে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর তা কার্যকর হবে। প্যাট্রিক ভ্যানট্রেল বলেন, মার্কিন প্রেসিডেন্ট ওবামা গতকাল বাংলাদেশের জিএসপি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, শ্রমমান ও কর্মপরিবেশের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে এ মুহূর্তে বাংলাদেশের জন্য একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশের জিএসপি পুনর্বহালের জন্য সম্ভাব্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত, সে ক্ষেত্রে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু এ জন্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তবেই বাংলাদেশ পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবে। প্যাট্রিক ভ্যানট্রেল আরও বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যাতে অতিরিক্ত ও উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারে, এ জন্য তাদের সঙ্গে আমরা অব্যাহতভাবে কাজ করে যাব। এ ঘোষণার পর থেকে তাদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ হয়েছে কি না, সেটি আমার জানা নেই। কারখানায় অগ্নিকাণ্ড কিংবা ভবনধসের মতো ভয়াবহ যেসব ঘটনা প্রত্যক্ষ করেছি, শ্রমিক অধিকার ও কর্মপরিবেশের নিরাপত্তার মৌলিক বিষয়গুলো সফলভাবে মোকাবিলায় ভবিষ্যতে এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করবে।’ শ্রমমান নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘সংগঠিত হওয়ার অধিকার, দর-কষাকষির প্রক্রিয়ায় যুক্ত হওয়াসহ শ্রমিক অধিকার ও শ্রমমানের বিষয়ে আমরা উন্নতি দেখতে চাই। আমি মনে করি না, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মঞ্চে বসে প্রয়োজনীয় সব পদক্ষেপের ব্যাপারে বলার সুযোগ আমার আছে। এ ব্যাপারে আমি আপনাকে মার্কিন বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে কথা বলতে বলব। তবে সামগ্রিকভাবে শ্রমমানের ব্যাপারে যে উদ্বেগ রয়েছে, তা দূর করতে আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।’ প্যাট্রিক ভ্যানট্রেল মনে করেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কারখানার কর্মপরিবেশ ও শ্রমমান নিশ্চিত করাটা অপরিহার্য হয়ে পড়েছে।