জিএসপি-সুবিধা বাতিলে খালেদা চিঠি লিখেছিলেন: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া জিএসপি-সুবিধা বাতিলের জন্য মার্কিন সরকারের চিঠি লিখেছিলেন। এরই পরিপ্রেক্ষিতেই মার্কিন সরকার জিএসপি-সুবিধা স্থগিত করেছে। খালেদা জিয়া বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি দেশের পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছেন। যাঁরা চিঠি লিখে দেশের পোশাকশিল্প ধ্বংস করেন, তাঁরা কখনো দেশপ্রেমিক হতে পারেন না।আজ শুক্রবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইনু এ কথা বলেন।বগুড়ায় জাতীয় শ্রমিক জোটের সম্মেলনে যোগ দিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ দুপুরে বগুড়ায় আসেন। সম্মেলনে যোগ দেওয়ার আগে তথ্যমন্ত্রী বগুড়ার সাংবাদিকদের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় করেন। দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই গণতন্ত্র নিরাপদ হবে এমন নয়। গত ২২ বছরে নির্বাচিত সরকার গণতন্ত্রকে নিরাপদ করতে পারেনি। বরং এই সময়ে দেশে নৈরাজ্য হয়েছে, দুর্নীতি হয়েছে। সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধী এবং রাজনৈতিক মোল্ল¬াদের রাজনীতির মাঠ থেকে বিতাড়ন করা না গেলে জাতিকে নিরাপদ গণতন্ত্র উপহার দেওয়া সম্ভব নয়।গণমাধ্যম গুজব ও চরিত্র হননের প্রচারকেন্দ্র হতে পারে নাহাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম গুজব, মিথ্যাচার এবং চরিত্র হননের প্রচারকেন্দ্র হতে পারে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, উসকানি দেওয়া এবং নারী ও শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করা গণমাধ্যমের কাজ হতে পারে না। গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরী সম্পর্ক নেই। আমরা গণমাধ্যমের উত্কর্ষ সাধনে কাজ করে যাচ্ছি। গণমাধ্যম শক্তিশালী, গতিশীল ও ক্রমাগত সম্প্রসারমান থাকুক, এটা আমরা চাই।’ মন্ত্রী এ সময় সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।মতবিনিময়কালে জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরীন আকতার, শফিউদ্দিন মোল্লা, জেলা জাসদের সভাপতি রেজাউল করিম, জাসদ নেতা আবদুল লতিফসহ জাসদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে জাতীয় শ্রমিক জোটের সম্মেলনে যোগ দেন।