জিকির ও বয়ান শুনে ইজতেমার দ্বিতীয় দিন শুরু
টঙ্গীর তুরাগ তীরে জিকির আর মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনে আজ শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়েছে। ইজতেমার তিন দিনের প্রথম পর্ব কাল রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।এদিকে, আজ ভোরে হূদরোগে আক্রান্ত হয়ে বরিশালের আ. মজিদ (৬৫) নামের মুসল্লি মারা গেছেন। তাঁর নামাজে জানাজা আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে।এ নিয়ে গত তিন দিনে আট মুসল্লির মৃত্যু হলো। এ পর্যন্ত বিশ্বের ১০৪টি দেশের প্রায় ১৭ হাজার মেহমান ইজতেমায় শরিক হয়েছেন। আজ ফজরের পর বয়ান করেন পাকিস্থানের তাবলিগের মুরব্বি আবদুল ওহাব। তাঁর বয়ান তরজমা করেন বাংলাদেশের ওমর ফারুক। তাবলিগ জামাতের মুরব্বিরা ইজতেমায় সমবেত দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশে তাবলিগের ছয় ওছুল—কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিয়ে নিয়ত ও তাবলিগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন। মুরব্বিদের বয়ান চলাকালে ময়দানজুড়ে ছিল নীরবতা।আজ বাদ জোহর ইজতেমা ময়দানের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে গণবিয়ে।ইজতেমায় আগত মুসল্লিদের অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিনা মূল্যে চিকিত্সা কেন্দ্রগুলোয় চিকিত্সা নিয়েছেন। টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ৩৫ জন চিকিত্সা নিয়েছেন। এদের মধ্যে ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।