জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না সাকা
হরতালের সময় কারা অর্থের জোগান দেয়, সে ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। সাকা জানিয়েছেন, তিনি এর কিছুই জানেন না। গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে সাকা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়েছে, রিমান্ডে আনার পর এবং এর আগে গ্রেপ্তারের পর তাঁকে অমানবিক নির্যাতন করা হয়েছে। আত্মগোপনে থাকা অবস্থায় ১৬ ডিসেম্বর ভোররাতে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে সাকাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের একটি দল গ্রেপ্তার করে। গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে ঢাকার মগবাজারে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সাংসদ সাকা চৌধুরীকে দুটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক. ২৭ জুনের হরতালের আগে গাড়ি পোড়ানোর ঘটনা তিনি জানতেন কি না, কারা এর সঙ্গে জড়িত এবং দুই. হরতালের সময় যে বিপুল পরিমাণ টাকা খরচ হয়, তার জোগান আসে কোত্থেকে।জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, সাকা চৌধুরী এসব কথার কোনো জবাব দেননি। তিনি সব কথা এড়িয়ে যাচ্ছেন।পরিবারের অভিযোগ: বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সাকার পরিবারের দাবি, রিমান্ডে ও এর আগে গ্রেপ্তারের পর তাঁর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গতকাল শনিবার ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সাকার বড় মেয়ে ফারজিন কাদের চৌধুরী বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে নিরপেক্ষ না হোক অন্তত বিচার পেতে চাই। কিন্তু বিচারের আগে যেভাবে বাবার ওপর নির্যাতন চালানো হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা, বাবাকে আর ফিরে পাব কি না। দাদার মতো বাবারও কি কারাগারে মৃত্যু হবে?’ফারজিন কাদের বলেন, ‘আমার বাবা ও পরিবারের সদস্যরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোচরে এটা হয়নি। তিনি জানলে এমনটা হতো না।’ তিনি বলেন, ‘আমি জানি, অনেকেই আমার বাবাকে পছন্দ করেন না। তার পরও তিনি মানুষ। আমরা চাই, বাবা সুবিচার পান।’সাকার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী বলেন, ‘এক-এগারোর সরকারকেই আমরা সবচেয়ে খারাপ ভেবেছি। কিন্তু এর চেয়েও খারাপ আছে।’ সাকার পরিবারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাকা চৌধুরী একজন সাংসদ ও রাজনৈতিক নেতা। তাঁর মর্যাদাহানি হয় এমন কোনো আচরণ করা হচ্ছে না। নিয়ম মেনেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।