জিজ্ঞাসাবাদে ডেসটিনির অসামঞ্জস্যপূর্ণ তথ্য
ডেসটিনি গ্রুপের চারজন পরিচালক ফারাহ দিবা, হোসনে আরা, সেলিনা রহমান ও নীতু রানী বিশ্বাসকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করেছে। দুদক সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে পরিচালক ফারাহ দিবা ডেসটিনির চেয়ারম্যান রফিকুল আমীনের বক্তব্যের মধ্যে অসামঞ্জস্য পাওয়া যায়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরিচালক ফারাহ দিবা জানান, আর্থিক বিষয়ে এবং ব্যবসা-সম্পর্কিত কারণে দুদক তাঁদের ডেকেছিল। দুদক সূত্রে জানা গেছে, ডেসটিনি গ্রুপের পরিচালক ফারাহ দিবা ও চেয়ারম্যান রফিকুল আমীনের ব্যক্তিগত যৌথ হিসাবে দুই কোটি টাকার বেশি লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। উত্তরে ডেসটিনির পরিচালক ফারাহ দিবা জানান, তিনি বেতন পান মাসে দুই লাখ টাকা। এ ছাড়া পারিবারিক সম্পদ সবকিছু মিলিয়ে দুই কোটি টাকা তাঁর জন্য কোনো বিষয় নয়। পরিচালক হিসেবে ডেসটিনির নীতি-নির্ধারণী ক্ষেত্রে ভূমিকা কেমন, এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তিনি। এদিকে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান জানান, গত তিন দিন ধরে জিজ্ঞাসাবাদে যেসব বক্তব্য পাওয়া গেছে সেগুলোকে ‘কাউন্টার চেক’ করা হবে। যদি তাঁদের বক্তব্যের সঙ্গে আমাদের প্রাপ্ত তথ্যের মিল খুঁজে পাওয়া যায়, তাহলে সমস্যা নেই। কিন্তু না পাওয়া গেলে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, ‘এখানে অনেক মানুষের স্বার্থ জড়িত। এ ক্ষেত্রে যদি মানি লন্ডারিং বা দুদকের তফসিলভুক্ত অপরাধ সংঘটিত হয়, তাহলে দুদক ছাড় দেবে না।’