জিজ্ঞাসাবাদে নাম আসায় আ.লীগ নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামারুল আরেফিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুষ্টিয়া-১ আসনের সাংসদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলা মামলার অন্যতম আসামি মরুকে জিজ্ঞাসাবাদে কামারুলের নাম আসায় গত রোববার রাতে তাঁকে বহিষ্কার করা হয়।এদিকে মামলার প্রধান আসামি ও দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলামকে (২৮) চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে কুষ্টিয়ার (দৌলতপুর) বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুন গতকাল সোমবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পুলিশ সুপার দৌলতপুর ভেড়ামারা (সার্কেল) কর্মকর্তা সৈয়দ মোস্তফা কামালকে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠিত হয়েছে। গতকাল বিকেল চারটা থেকে তাঁরা জাহিদুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, সাংসদের বাড়িতে বোমা হামলা মামলার অন্যতম আসামি মরুর জবানবন্দিতে কামারুলসহ আরও কয়েকজনের নাম এসেছে। তদন্তের স্বার্থে এখনই তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। কামারুল মিরপুর উপজেলার আমলা সদরপুর গ্রামের বাসিন্দা।কামারুলকে বহিষ্কারের ব্যাপারে মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও দৌলতপুরে সাংসদের বাড়িতে বোমা হামলার অন্যতম আসামি মরুর জবানবন্দিতে কামারুলের নাম আসায় জেলা আওয়ামী লীগের নির্দেশে তাঁকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।ওই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা কমিটি কামারুলের বহিষ্কারাদেশ অনুমোদন করেছে।কামারুল আরেফিনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। প্রসঙ্গত, ১৩ নভেম্বর রাতে দৌলতপুরে সাংসদ আফাজের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশমত আলী, দুই হামলাকারী সিদ্দিকুর রহমান ও আহাদুল ইসলাম (৩২) নিহত হন। আহত হন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবাইদুল ইসলাম। এ ঘটনায় জাহিদুল ইসলাম, বোমারু মরু ও মিন্টু নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।নিহত শিক্ষকের পরিবারকে সহায়তাবোমা হামলায় নিহত প্রধান শিক্ষক আশমত আলীর পরিবারকে সহযোগিতা হিসেবে দুই লাখ টাকার চেক দিয়েছে সোনালী ব্যাংক। গতকাল সোনালী ব্যাংক দৌলতপুর শাখায় আনুষ্ঠানিকভাবে নিহত শিক্ষকের স্ত্রী শাহিনা খাতুনের হাতে চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ন কবির। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আফাজ উদ্দিন আহমেদ, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মো. মুস্তাফা কামাল প্রমুখ। এ সময় খুলনার ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও নুরুল হক নিহত শিক্ষকের পরিবারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকার চেক দেন।