জিজ্ঞাসাবাদে সেই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের টাঙ্গাইল জেলা কারাগার থেকে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্যাতনের শিকার ওই মেয়েটির বান্ধবীর সঙ্গে ধর্ষকদের আগে থেকেই যোগাযোগ ছিল বলে জানা গেছে। তারা পরিকল্পিতভাবেই ওই বান্ধবীর মাধ্যমে মেয়েটিকে টাঙ্গাইল থেকে মধুপুরে নিয়ে এসেছিল। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের বিচারিক হাকিম জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে গ্রেপ্তার পাঁচ আসামিকে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত ধর্ষণে সহায়তার অভিযোগে ওই মেয়েটির বান্ধবী বীথি আক্তারের এক দিনের ও অপর চার আসামি মনিরুজ্জামান মনি, হারুন অর রশীদ, শাহজাহান আলী ও এস এম নুরুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে ধর্ষকদের বিচারের দাবিতে আজ টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন। এতে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও), মানবাধিকার কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী নির্যাতনের শিকার ওই মেয়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ধর্ষকদের ফাঁসির দাবি জানান। এ ছাড়া নির্যাতনের শিকার ওই মেয়ে ও তার পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ারও দাবি জানানো হয়।