জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে রেজ্জাকুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আবারও রিমান্ডে নিয়েছে সিআইডি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের কারাগার থেকে গতকাল সকালে ঢাকায় পাঠানো হয়েছে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় চোরাচালান ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়। রেজ্জাকুল হায়দারকে এবার চোরাচালান মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল গত ৯ মার্চ। সাত মাস পর গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো। চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘১০ ট্রাক অস্ত্র আটক মামলা অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রত্যেক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সময় একটু বেশি লাগছে।’আদালত সূত্র জানায়, রেজ্জাকুল হায়দারকে এর আগে অস্ত্র আইনে গত বছর দুই দফায় নয় দিন এবং এ বছরের ফেব্রুয়ারিতে এক দফায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে গত বছরের ১৫ মে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে সিআইডি।সিআইডির বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম গতকাল সকালে প্রথম আলোকে বলেন, ‘সিআইডির সদর দপ্তরে রেজ্জাকুল সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্যই তাঁকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে।’গতকাল সকাল সাড়ে নয়টায় বিশেষ পাহারায় রেজ্জাকুলকে চট্টগ্রাম কারাগার থেকে সড়কপথে ঢাকায় পাঠানো হয়। গত রাতেই ঢাকার মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে রেজ্জাকুলকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের সময় রেজ্জাকুল হায়দার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক ছিলেন। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এই বিশাল অস্ত্রের চালান এ দেশে আনার সঙ্গে তাঁরও সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে।এ সংক্রান্ত দুই মামলায় রেজ্জাকুলসহ ১০ জন এখন গ্রেপ্তার আছেন। বাকিরা হলেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, স্থানীয় চোরাকারবারি হাফিজুর রহমান এবং পরিবহন ব্যবসায়ী দীন মোহাম্মদ।এঁদের মধ্যে আবদুর রহিম, সাহাবউদ্দিন, আলী আকবর খান, মহসীন তালুকদার, হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ দোষ স্বীকার করেন এবং সাক্ষী হিসেবে পুলিশের বিশেষ শাখার সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শামসুল ইসলাম, সিআইডির সাবেক ডিআইজি ফররুখ আহম্মদ চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব শোয়েব আহমেদ ও বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান আদালতে জবানবন্দি দিয়েছেন।