চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আলতাফ জানান, আজ সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল রেজ্জাকুলকে সড়ক পথে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা হয়। জানা যায়, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাটে খালাস করা ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় রেজ্জাকুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান সিআইডির এএসপি মনিরুজ্জামান চৌধুরী। চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি গত ৯ মার্চ তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর ১৫ মে ঢাকার পুরাতন ডিওএইচএসের বাসা থেকে রেজ্জাকুলকে গ্রেপ্তার করা হয়।