জিডি করে ফেরার আগেই হামলা, কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীরা তিন লাখ টাকা চাঁদা চায় ব্যবসায়ী নাজির সরকারের কাছে। টাকার জন্য গতকাল রোববার সকাল থেকে মুঠোফোনে কয়েক দফায় হুমকিও দেয়। এ ঘটনায় সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ব্যবসায়ী। জিডি করে কালশী এলাকায় নিজ দোকানে ফেরার পথেই গুলির শব্দ পান। দোকানে গিয়ে দেখেন, গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন কর্মচারী সজীব (২২)। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে মারা যান সজীব। পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ী নাজির থানায় জিডি করেন সন্ধ্যা পৌনে সাতটায়। রাত পৌনে আটটার দিকে পল্লবীর কালশী এলাকার মতলব জেনারেল স্টোরে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কর্মচারী সজীব বুকে গুলিবিদ্ধ হন। রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পল্লবী থানার এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, মতলব জেনারেল স্টোরের মালিক নাজির সরকার জিডিতে (নং-১৯২৩) বলেন, রবিন পরিচয় দিয়ে কে বা কারা মুঠোফোনে তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। জিডি করে ফেরার আগেই তাঁর দোকানে হামলা করে সন্ত্রাসীরা।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন স্থানীয় একটি সন্ত্রাসী দল এ ঘটনার ঘটিয়েছে। এমনকি গুলিবর্ষণকারী সন্ত্রাসীর শারীরিক বিবরণও পুলিশ পেয়েছে।নাজির সরকারের ভাই ফারুক সরকার প্রথম আলোকে বলেন, তিন লাখ টাকা চাঁদা দাবি করে প্রায় দুই মাস আগে প্রথম ফোনটা আসে। এরপর প্রায়ই ফোন করত সন্ত্রাসীরা। গতকাল রোববার সকালে, দুপুরে ও বিকেলে কয়েক দফা ফোন করে টাকা চাওয়া হয়। এই দিনের মধ্যে টাকা না দিলে পরিবার-পরিজনসহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ অবস্থায় নাজির সরকার সন্ধ্যায় পল্লবী থানায় গিয়ে জিডি করেন। ফারুক জানান, যে নম্বর থেকে ফোন করা হতো সেটি পুলিশকে জানানো হয়েছে।