জিডিপি ৬.৩ শতাংশের বেশি হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশের বেশিই হবে। এমনকি তা ৬ দশমিক ৭ বা ৮ শতাংশও হয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে যৌথ মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ বিনিয়োগ কোম্পানির (ইউবিকো) ২০১২ সালের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এ বছর বোরো, আলু ও ভুট্টার ফলন ভালো হয়েছে। আলুর ফলন হয়েছে ৮৮ লাখ টন, যা আগের বছরের তুলনায় ১০ লাখ টন বেশি। পাশাপাশি সরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৬৫ শতাংশ।জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হওয়ার কথা বলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমার মতে বিবিএসের হিসাবটা রক্ষণশীল। তা ছাড়া এখানে আট মাসের হিসাব ধরা হয়েছে।’ ইউবিকো এমডি এস এম আকবর বলেন, ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে কোম্পানিটি। এই সময়ে লোকসানে পড়েনি, কোনো খেলাপিও নেই। অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি প্রতিষ্ঠান মানেই যেখানে লোকসান, সেখানে লভ্যাংশ পাওয়াটা খুবই আনন্দের ব্যাপার।’১০০ কোটি পরিশোধিত মূলধনের ইউবিকোতে সরকারের মালিকানা ৪০ শতাংশ। অনুষ্ঠানে ২০১২ সালে সমাপ্ত বছরের জন্য অর্থমন্ত্রীর কাছে ৪৯ লাখ টাকা নগদ এবং ১৩ কোটি ৯০ লাখ টাকার সম-পরিমাণ বোনাস শেয়ার লভ্যাংশ তুলে দেয় ইউবিকো কর্তৃপক্ষ।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, ইউবিকো ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আকবর, পরিচালক মুশফিকা ইকফাত্সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।