জিডিপি ৭ শতাংশ অর্জন অসম্ভব নয়: বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের প্রাক্কলিত মোট দেশজ উত্পাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাত দশমিক ২ শতাংশ অর্জন অসম্ভব নয়। বিশ্বব্যাংকের মতে, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দুটি চ্যালেঞ্জ রয়েছে। জ্বালানি সংকট ও যোগাযোগ খাতের উন্নয়ন করতে পারলে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তবে এই প্রবৃদ্ধি বেশ কষ্টকর ও চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশ্বব্যাংক।আসন্ন অর্থবছরের বাজেট মূল্যায়ন শেষে এক সংবাদ সম্মেলনে আজ বুধবার বিশ্বব্যাংক এমন মনোভাব প্রকাশ করেন। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংস্থার প্রধান অর্থনীতিবিদ সঞ্চয় কাঠুরিয়া, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ। বর্তমান বিশ্ব প্রেক্ষাপট বিশ্লেষণ করে বিশ্বব্যাংক বলছে, আগামী অর্থবছরে ছয় দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। চলতি অর্থবছরের ছয় দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনকে স্বাস্থ্যকর হিসেবেই মনে করছে বিশ্বব্যাংক। কেননা, এই প্রবৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির কাছাকাছি রয়েছে। আর চলতি বছরের শেষ নাগাদ বা আগামী অর্থবছরের শুরুতে ইউরো অঞ্চলে মন্দাবস্থা কাটতে শুরু করবে। এতে বাংলাদেশের রপ্তানি খাত উপকৃত হবে, যা প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। চলতি বাজেটে কালো টাকা সাদা করা প্রসঙ্গে এই প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ১৯৭৫ সাল থেকে প্রতি সরকারই এ সুযোগ দিয়ে আসছে। খুব কম সংখ্যক ব্যক্তি এ সুযোগ নিয়েছে। অতীতে অভিজ্ঞতা থেকে বলা যায়, এবার এ সুযোগের মাধ্যমে খুব বেশি বিনিয়োগ হবে না। সঞ্জয় কাঠুরিয়া বলেন, আগামী অর্থবছরের রাজস্ব আদায় ও ব্যয়ের প্রাক্কলন খুব উচ্চাভিলাষী। সব ক্ষেত্রেই বেশি প্রাক্কলন করা হয়েছে। সরকারের উচিত আরও বেশি স্বচ্ছভাবে রাজস্ব আদায় করা। রাজস্ব আদায় ও ব্যয়ে আরও বেশি সুশাসন প্রতিষ্ঠা করা উচিত। ব্যয়ের ক্ষেত্রে লুটপাটের সুযোগ হ্রাস করা দরকার। ব্যবসা-বাণিজ্য করার প্রক্রিয়া সহজ করা উচিত। বাংলাদেশে এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।দেশের রাজস্ব আদায়, ব্যয়, মূল্যস্ফীতি, ভর্তুকি, ঘাটতি অর্থায়ন, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেছে বিশ্বব্যাংক।