বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী ও সার্কের চেয়ারম্যান জিগমি ওয়াই থিনলি বলেছেন, পাশ্চাত্যের ধরনে এ অঞ্চলে সুখ-সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। এ অঞ্চলের মানুষের সুখ-সমৃদ্ধি অর্জনের জন্য আলাদা কাঠামো গড়ে তুলতে হবে। জিডিপি অনুসারে এগিয়ে গেলে এ অঞ্চলের মানুষের কাজে আসবে না। জিডিপির ধারণা বাদ দিতে হবে।আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে। ভুটানের প্রধানমন্ত্রী এতে ‘সবার জন্য সুখ-সমৃদ্ধি’ শীর্ষক বক্তৃতা দেন। বক্তৃতার বিষয়বসস্তুর মতাদর্শের ভিত্তিতে ভুটান প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে।ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের যে কাঠামো তা হবে, সামগ্রিক সুখ অর্জনের জন্য। এই কাঠামো অর্থনৈতিক ও সামাজিক অনুষঙ্গগুলোর ওপরও গুরুত্ব দেয়। সবাই মিলে ভালো থাকাই হচ্ছে সুখ। সুখ অর্থ এই নয় যে শুধু একাই কেউ ভালো থাকবে। সুখ অর্জনের জন্য আমাদের জীবনধারাও পাল্টে ফেলতে হবে। এই অঞ্চলের মানুষ কী চায় সেটাই করতে হবে।’ তিনি বলেন, ভুটান এই দর্শনে চলছে। জনগণের ফল ভোগ করছে।তাঁর মতে, প্রযুক্তির উন্নয়ন হলেও মানুষ অসুখী রয়ে গেছে। প্রতিটি মানুষের সুখের জন্য আলাদা মতাদর্শ গড়ে তুলতে হবে।সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভুটানই একমাত্র দেশ যেখানে জিডিপির চেয়ে নিট জাতীয় সুখকে বেশি প্রাধান্য দেওয়া হয়।সহ-উপাচার্য হারুন-অর-রশিদ অতিথিদের ধন্যবাদ জানান।