জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় অর্থমন্ত্রীর
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপির লক্ষ্যমাত্রা এ বছর অর্জিত হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়া নেটওয়ার্ক ফর ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের (সানি) ১১তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে সানি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)।অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের হার খুবই কম। গত এক দশক ধরেই দেশে বিনিয়োগের হার ২৪ শতাংশের কাছাকাছি। কোনো দেশ যখন তার জিডিপির হার সাত কিংবা আট শতাংশে উন্নীত করার পরিকল্পনা করে তখন বিনিয়োগের এই চিত্র মোটেও সুখকর নয়। দেশের জিডিপির হার এখন ছয় দশমিক সাত শতাংশ। কিন্তু বর্তমান অর্থনৈতিক সংকটে, যেখানে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী সেখানে এটা (জিডিপি) কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে আমি নিশ্চিত না।’প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, অনেক সময় বিশ্বমন্দা সরকারের নীতিকে সমস্যায় ফেলে দেয়। যেমনটা এ বছর ঘটেছে। আন্তর্জাতিক মূল্যস্ফীতি দেশে মারাত্মক প্রভাব ফেলেছে। যার ফলে সরকারকে ব্যাংক থেকে অনেক বেশি ঋণ নিতে হচ্ছে। এটি আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিচ্ছে। সরকারি ব্যয় বৃদ্ধির অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে সরকারি ব্যয় খুবই কম। নেপালের সরকারি ব্যয়ও আমাদের চেয়ে বেশি। বাংলাদেশে সরকারি ব্যয় কখনোই ১৫ শতাংশের বেশি হয়নি। গত ৪০ বছর ধরে এই ব্যয় সাত থেকে ১৫ শতাংশের মধ্যে ছিল।’ তাঁর মতে, বিদেশি সহায়তা ব্যবহারের পরিমাণ এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করতে পারলে সরকারি ব্যয় বৃদ্ধি করা সম্ভব হবে।বেশি দামে সরকারের বিদ্যুত্ উত্পাদনের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মিডিয়াগুলোতে বেশি দামে বিদ্যুত্ উত্পাদনের সমালোচনা করা হচ্ছে। অর্থনীতিবিদেরাও একই কথা বলছেন। কিন্তু আমি এই বিষয়ে চিন্তিত নই। কারণ, বিদ্যুতের উত্পাদন বাড়ার কারণেই গত বছর দেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছিল ৪১ শতাংশ।’নিত্যপণ্যের দাম যে সারা বছর লাগামহীন ছিল তা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘নিত্যপণ্যের দাম আমাদের হতাশ করেছে। এটা সারা বছর ধরেই এটা বেড়েছে।’ সানির গবেষণা প্যানেলের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক টি এন শ্রীনিবাসনের সভাপতিত্বে অনুষ্ঠানে সানির সমন্বয়ক ও বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরি এবং গ্লোভাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কর্মসূচি ব্যবস্থাপক রামোনা মার্গারেটা নাকভি বক্তব্য দেন।