জিডিপির ২৪ শতাংশই কালো টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ২৪ শতাংশ ‘ছায়া অর্থনীতি’ বা অনানুষ্ঠানিক অর্থনীতি। মোটাদাগে যাকে বলা যেতে পারে, দেশে কালো টাকার পরিমাণ জিডিপির ২৪ শতাংশ।দুই ধরনের গবেষণা পদ্ধতি ব্যবহার করে এই তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।এই দুটি ফলাফল গড় করে ১৯৯৬-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপির ২৪ শতাংশই ‘ছায়া অর্থনীতি’ বলে গবেষক কবির হাসান দাবি করেছেন। তবে এই গবেষণা তথ্য পরিসংখ্যাগতভাবে সঠিক নাও হতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘শ্যাডো ইকোনমি অব বাংলাদেশ: সাইজ এস্টিমেশন অ্যান্ড পলিসি ইম্লিকেশন’ শীর্ষক আলোচনায় সভায় টিআইবি ফেলোশিপে প্রণীত গবেষণার ফলাফল তুলে ধরে এসব তথ্য দেওয়া হয়েছে।গবেষণার ফলাফল: গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবির হাসান। ছায়া অর্থনীতি বলতে তিনি বুঝিয়েছেন, যে পরিমাণ টাকা দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে কিংবা কর ফাঁকি দেওয়া হয়েছে।গবেষণায় ১৯৭৫ সাল থেকে ২০০৮ পর্যন্ত তথ্য উপাত্ত ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি গবেষক ছায়া অর্থনীতির ব্যাপ্তি নিরূপণ করতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় দ্বৈবচয়ন পদ্ধতিতে আলাদা একটি জরিপও পরিচালনা করেন। জরিপে বিভিন্ন পেশার ২০২ জন অংশ নেন।এই জরিপে ৭৪ দশমিক ৮০ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন যে কালো টাকা অর্থনীতির জন্য ক্ষতিকর। ৮২ দশমিক ৭০ উত্তরদাতা বলেছেন, কালো টাকা সমাজে বৈষম্য বাড়াচ্ছে। ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, করফাঁকি দিতে কালো টাকার মালিকেরা করজালের আওতার বাইরে থাকা আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের নামে বন্ড ও শেয়ার কিনে থাকেন।অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) নির্বাহী পরিচালক একে এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দুর্নীতির ধারণাসূচক ব্যবহার করে বাংলাদেশকে শ্রেণীকরণ করা উচিত নয়। এতে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যায়। ১৬ কোটি লোকের বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে হেয় করার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমালোচনা করেন তিনি।সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, ভারত ও চীনের মতো দেশেও রয়েছে। ওইসব দেশে বাংলাদেশের চেয়ে অনেক বড় মাপের দুর্নীতি হয়। বাংলাদেশে দুর্নীতির বিষয়টি বেশি প্রচারিত হয়। আমরা নিজেরাই এভাবে বিদেশিদের কাছে এত ছোট করে থাকি।’টিআইবির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধারণা থেকে দুর্নীতির উপসংহার টানা ঠিক নয়। দেশকে এত গাল দেবেন না। বরং গালাগাল কম দিয়ে আমরা দুর্নীতি কমাব।’তবে এম হাফিজউদ্দিন খান বলেন, গবেষণার তথ্য নিয়ে মতবিরোধ থাকতে পারে। কিন্তু বাংলাদেশে যে কালো টাকা আছে, সেটা জানার জন্য গবেষণার প্রয়োজন হয় না। তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কথা বললে দেশের ইমেজের ক্ষতি হয়, তা আমি বিশ্বাস করি না। এটা বলতেই হবে। দুর্নীতির বিরুদ্ধে টিআইবি সামাজিক আন্দোলন চালিয়ে যাবে।’ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির প্রকৃত চিত্র তুলে ধরা সংবিধান থেকে প্রাপ্ত অধিকার। গত ৪০ বছরে দেশের অনেক অগ্রগতি হয়েছে কিন্তু আরও অগ্রগতি হতে পারত। এ জন্য দরকার দক্ষ রাজনৈতিক নেতৃত্ব।