জিডির খবর পুলিশ পৌঁছে দিল সন্ত্রাসীর কাছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে সন্ত্রাসীদের ক্রমাগত হুমকির মুখে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন জনৈক মাকসুদা বেগম। কিন্তু থানা থেকে বের হওয়ার আগেই সেই খবর জেনে যায় সন্ত্রাসীরা। এরপর সন্ত্রাসীদের একজন মাকসুদার মুঠোফোনে হুমকি দিয়ে বলে, ‘আপনার ছেলের আর স্কুলে যাওয়া হবে না। কাফনের কাপড় প্রস্তুত রাইখেন।’আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহ আলী থানায় এ ঘটনা ঘটে।সন্ত্রাসী হুমকির শিকার মাকসুদা বেগম রাতে প্রথম আলোকে বলেন, চার দিন ধরে চাঁদার জন্য অব্যাহত হুমকিতে দিশেহারা হয়ে তিনি গতকাল সন্ধ্যার পর শাহ আলী থানায় জিডি করেন। কতর্ব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল হোসেন তখন থানার নম্বর থেকে জিডিতে উল্লেখ করা সন্ত্রাসী বিকাশের মুঠোফোনে যোগাযোগ করে জিডির তথ্য ফাঁস করে দেন। এ সময় কর্তব্যরত কর্মকর্তার সামনেই তিনি ছিলেন। এরই মধ্যে তাঁর মুঠোফোনে বিকাশের ফোন আসে। সে হুমকি দিয়ে বলে, ‘থানায় জিডি করেছেন। আপনার ছেলের আর স্কুলে যাওয়া হবে না। কাফনের কাপড় প্রস্তুত রাইখেন।’মাকসুদা বলেন, পুলিশের সামনেই এ রকমের হুমকিতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ সময় তিনি সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগের কারণ জানতে চাইলে এএসআই আবুল বলেন, ‘সন্ত্রাসী ধরতে হইলে মিষ্টি ভাষায় কথা বলতে হয়।’আবুল হোসেন সরকারি ফোন নম্বর ব্যবহার করে সন্ত্রাসী বিকাশের কাছে খবর পৌঁছে দেওয়ার বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মাকসুদা বলেন, পুলিশের কাছে প্রতিকার চাইতে গিয়ে উল্টো এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামী প্রবাসী। এখন আমার সন্তানদের নিরাপত্তা চাইব কার কাছে? আমার দুটি সন্তানকে কে বাঁচাবে?’মাকসুদা বলেন, ‘গত শনিবার থেকে বিকাশ আর মামুন নামের দুই ব্যক্তি নিজেদের সন্ত্রাসী পরিচয় দিয়ে তিন লাখ টাকা চাঁদা চেয়ে অন্তত ২০ বার হুমকি দিয়েছে। এ ঘটনার পর দুই ছেলের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েও নিরাপদ বোধ করছিলাম না। উপায় না দেখে থানায় ছুটে গিয়েছিলাম।’