আক্ষরিক অর্থেই শোকাশ্রু সংবরণ করা কঠিন হয়ে পড়েছিল। উপভোগের এত উৎ সাহী আয়োজন, প্রত্যাশার এত উচ্চরোল, তারপর এই বেহাল প্রাপ্তি। ৫৮ রানের সংগ্রহ কী গভীর অন্ধকার নামাল মিরপুরে। অন্তর্জ্বালায় অনুভূত হচ্ছে নিদারুণ অপমানের নুন। বিস্বাদ হয়ে উঠেছে জীবনযাপনের প্রাত্যহিকতা। আমাদের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে, আমাদের সম্ভাব্য অর্জন নিয়ে, আমাদের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে আমাদের ইতিবাচক শব্দগুলো যেন পরিহাস হয়ে বিপরীত বাতাসে ভেসে তীক্ষ ফলার মতো বিঁধছে। উদিগরিত শব্দগুলো আবার গিলে ফেলার একটা নৈতিক দায় এসে দুয়ারে দাঁড়ায়। সে দায় দ্বিগুণ হয় যখন সাকিব আল হাসান বলেন এর চেয়ে খারাপ দিনও আসতে পারে। শুক্রবার বাংলাদেশের ব্যাটিং যখন শোকযাত্রার আদলে গোরস্থানমুখী, তখন মুঠোফোনের রিং বাজতে শুরু হয়েছে। বাতাসে ভেসে এসেছে এবং এসেই চলেছে ধিক্কার, লজ্জা আর অপমান। অন্য প্রান্তে একান্ত আপনজনেরা। আমাকে উপলক্ষ করে নিজেদের বিব্রতকর মানসিক অবস্থা সামলাচ্ছেন। এ দুঃসময়কে সামলে যাচ্ছি। সামলাতে হবে। নিজের হাত, পা, মগজ ও কলম দিয়ে যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে দেশবাসীকে স্বপ্নাতুর করার চেষ্টা করি, তখন স্বপ্নভঙ্গের ছায়া তো সময় সময় নিতেই হয়। ক্রিকেটে এমন দিন আসতেই পারে বলে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না, সাময়িক অপমান সহ্যই করতে হয়। অভিজ্ঞতা বলছে, এ রকম সহ্য করে করেই গৌরবময় প্রহরে পৌঁছাতে হয়। এত জঘন্য না হলেও বিগত দিনে এ রকম বহু সময় গেছে আমাদের।না, আমরা ফিরিয়ে নেব না আমাদের উচ্চারিত শব্দাবলি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমাদের প্রত্যাশাগুলো আন্তরিক বিশ্বাসজাত। প্রতিটি ইতিবাচক শব্দের পেছনে আছে প্রত্যয় ও যুক্তির নির্ভেজাল মিশেল। ৫৮ রানের আপাত লজ্জার পরও বিশ্বাস করি, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। শুক্রবার মিরপুরে আমাদের ক্রিকেট ভাবমূর্তির গায়ে যতটা কালিমা লেগেছে, এ বিশ্বকাপেই তা ধুয়েমুছে আমরা শুচিস্নাত হব। আমাদের ক্রিকেটাররাই আবার আপনাকে আনন্দ মিছিলে নামবে। আমাদের ছন্দটা একদিন হারিয়েছিলাম, রোজ রোজ হারাব না। বিশ্ববেহায়া বলবেন? বলুন। বাংলাদেশের পুনরুত্থানের জন্য সেটা হতেও আপত্তি নেই।দুদিন ধরে যেসব তির্যক মন্তব্যের শিকার হয়েছি, তার দু-একটা পাঠকের সঙ্গে ভাগ করতে ইচ্ছে হয়। একজন বললেন, ‘আমরা ওদের দুই বছর আগে হোয়াইটওয়াশ করেছিলাম, কিন্তু ওরা তো প্লাস্টিক পেইন্ট করে দিল।’ আরেকটি ফোন সুদূর আমেরিকা থেকে। ছোট ভাই জানতে চাইল, জুনায়েদ সিদ্দিক নাকি সেঞ্চুরি করেছে আর আশরাফুল হাফ সেঞ্চুরি? বুঝুন অবস্থা। তার পরও আমজনতা ক্রিকেটের সঙ্গে আছে। পাবলিক রিঅ্যাকশনে এক বোন যেমন বললেন, ‘বাংলাদেশ জিতলেও আমার, হারলেও।’