নারীরা আর জিনসের প্যান্ট পরতে পারবে না। ভারতের উত্তর প্রদেশের খাপ পঞ্চায়েত নতুন ফতোয়া জারি করে এ ঘোষণা দিয়েছে। যদি কেউ এ নির্দেশ অমান্য করে বা না মানে, তবে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে গ্রামে একঘরে করা হবে। গতকাল বুধবার খাপ পঞ্চায়েতের মোজাফফরনগর গ্রামে গ্রামসভা ডেকে জারি করা হয় এই ফতোয়া।এনডিটিভির খবরে আরও বলা হয়, ওই গ্রামসভায় উপস্থিত এক নারী নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেছেন, জিনস প্যান্ট পরলে পুরুষদের প্রলুব্ধ করার আশঙ্কা বেশি থাকে। গ্রামসভায় উপস্থিত একজন বলেছেন, ‘যদি সোনিয়া গান্ধী ইতালি থেকে এসে ভারতীয় কাপড় পরতে পারেন, তবে ভারতীয় নারীরা কেন তা করতে পারবে না?’সভার একজন মুখপাত্র বলেন, ‘জিনসের মতো পোশাক পরার কারণে সাম্প্রতিককালে ধর্ষণের মতো ঘটনা বেড়ে গেছে। আমরা সবাই মিলে এ সিদ্ধান্ত নিয়েছি।’এর আগে ওই পঞ্চায়েতে আরেকটি ফতোয়া জারি করে বলা হয়েছিল, ওই গ্রামের ৪০ বছর অনূর্ধ্ব কোনো নারী বাড়ির বাইরে মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। কারও সঙ্গে কথা বলতে পারবেন না। এমনকি শপিং মলেও ব্যবহার চলবে না মুঠোফোন। শুধু তা-ই নয়, মুঠোফোনের সূত্র ধরে কোনো প্রেমের বিয়েও চলবে না ওই গ্রামে। এ ধরনের বিয়ের প্রমাণ মিললে ওই দম্পতিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে।পঞ্চায়েতের এ ঘোষণার পর অবশ্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছিলেন, ‘এই অবৈধ ফতোয়া চলতে পারে না আমাদের দেশে। তিনি রাজ্য পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছিলেন।’