জিনের বাদশার ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার সদর উপজেলায় কথিত জিনের বাদশা ও কবিরাজের দেওয়া ওষুধ খেয়ে জাকির হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কথিত জিনের বাদশা আল আমীনকে (৩০) আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুতিয়ারা গ্রামের বাসিন্দা জাকির হোসেন, মোহাম্মদ আলী (২৫), নাসির মিয়া (২০) ও কবিরাজের ছোট ভাই শাহ আলম (২৫) পুরান ঢাকার একটি জুতার কারখানার কাজ করেন। গতকাল বৃহস্পতিবার রাতে কথিত জিনের বাদশা আল আমীনের পাঠানো ওষুধ খেয়ে তাঁরা সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তাঁদেরকে উদ্ধার করে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ব্রা‏হ্মণবাড়িয়ার সদর মডেল থানার পুলিশ আজ সকালে আল আমীনকে উপজেলার বুধর ইউনিয়নের সুতিয়ারা গ্রাম থেকে গ্রেপ্তার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, আল আমীনকে আজ আদালতে চালান দেওয়া হবে।গ্রামবাসী সূত্রে জানা যায়, সুতিয়ারা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আল আমীন কয়েক বছর ধরে নিজেকে জিনের বাদশা ও কবিরাজ পরিচয় দিয়ে ব্যবসা করে আসছেন। ইতিমধ্যে তিনি গ্রামে একটি আস্তানাও গড়ে তুলেছেন।