জিন্নাহর ব্যর্থতার পাল্লাই ভারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আলী জিন্নাহ একটি রাষ্ট্রের জনক। একটি তত্ত্বের জনক। তিনি জন্ম দিয়েছিলেন দ্বিজাতি তত্ত্বের, যে তত্ত্ব কেবল ধর্মকে সম্বল করে হাজার মাইলের ব্যবধানে জন্ম দিয়েছিল একটি রাষ্ট্রের। জিন্নাহর জন্ম দেওয়া রাষ্ট্রের কাঠামো ছিল দুর্বল। কারণ, হাজার মাইলের ব্যবধানে দুটি পৃথক ভূখণ্ডকে সম্বল করে জন্ম নেওয়া ওই রাষ্ট্রের অধিবাসীদের ভাষা, সংস্কৃতি, আচার-ব্যবহার, খাদ্যাভ্যাস, এমনকি চিন্তা-ভাবনাতেও ছিল বিস্তর তফাত। এর পরও অনেকে নেতা হিসেবে জিন্নাহকে সফল মনে করেন।কেবল ধর্ম এক হওয়ায় যে রাষ্ট্রটির জন্ম জিন্নাহ দিয়েছিলেন, সেটি ২৩ বছর যেতে না যেতেই বিভেদ, বৈষম্য, নিষ্পেষণ আর দুঃশাসনের বলি হয়ে ভেঙে দুই টুকরো হয়ে গেল। এই রাষ্ট্র যদি মোহাম্মদ আলী জিন্নাহর জীবনের সবচেয়ে বড় অর্জন হয়, তাহলে এর স্বপ্নদ্রষ্টা হিসেবে তাঁকে কি ব্যর্থ বলা যায় না? মোহাম্মদ আলী জিন্নাহ অবশ্য তাঁর স্বপ্নের রাষ্ট্র বেশি দিন দেখে যেতে পারেননি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার ঠিক ১৩ মাসের মাথায় তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, পাকিস্তান রাষ্ট্রে মাত্র ১৩ মাস বেঁচে থেকেই ‘কায়েদে আজম’ দুটি পৃথক ভূখণ্ড নিয়ে গঠিত এই ভঙ্গুর রাষ্ট্রের দুই অংশের মানুষের মধ্যে বিভেদের বীজ বুনে দিয়ে গিয়েছিলেন গণতান্ত্রিক চিন্তা-চেতনাকে ভূলুণ্ঠিত করে উর্দুকে এই রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে।যেখানে জিন্নাহ-প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ উর্দুতে কথা বলত না, সেখানে ১০ শতাংশের কমসংখ্যক মানুষের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা দিয়ে নিজের ব্যর্থতার ভিত্তিপ্রস্তর স্থাপন তো তিনি করেই গিয়েছিলেন।আজ থেকে ১৩৬ বছর আগে, ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচি (তখন অবশ্য করাচি ভারতের অংশ ছিল) শহরে জন্ম হয় মোহাম্মদ আলী জিন্নাহর। করাচির সিন্ধু মাদ্রাসায় তাঁর শিক্ষার হাতেখড়ি। এরপর খালার সঙ্গে বোম্বে শহরে (বর্তমানের মুম্বাই) গিয়ে সেই শহরের গোকূল দাস প্রাইমারী স্কুলে পড়াশোনা শুরু করেন। এরপর তাঁর বাবা-মা তাঁকে ভর্তি করেন খ্রিষ্টান মিশনারি সোসাইটি স্কুলে। সেখান থেকে তিনি চলে যান বিলেতে। ওখানেই উচ্চতর ডিগ্রি নিয়ে নিয়োজিত হন আইন পেশায়। পরবর্তী সময়ে আইন পেশা ছেড়ে আবির্ভূত হন অবিভক্ত ভারতের রাজনীতির মাঠে।মোহাম্মদ আলী জিন্নাহ নিজের রাজনৈতিক জীবনে কখনোই এক চিন্তাচেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাননি। একটা সময় ছিল তিনি ঐক্যবদ্ধ ভারতের রাষ্ট্রীয় কাঠামোর ভেতর মুসলমান সমাজের রাজনৈতিক অধিকার নিশ্চিত হওয়ার ব্যাপারটি বিশ্বাস করতেন। কিছুদিন যেতে না যেতেই তিনি পৃথক জাতিসত্তার ব্যাপারটি সামনে নিয়ে আসেন। এক ভারতের রাষ্ট্রকাঠামোর বাইরে চলে যান তিনি আরও পরে। জীবনের মোটামুটি শেষ প্রান্তে এসে তিনি স্বপ্ন দেখতে শুরু করেন ভারতে মুসলামানদের পৃথক রাষ্ট্রকাঠামোর। এ সময় তিনি মুসলমানদের ভারতের সাংস্কৃতিক প্রেক্ষাপটে আলাদা জাতিসত্তা হিসেবে তুলে ধরেন। জিন্নাহর সেই আলাদা জাতিসত্তা ভাবনার মধ্য দিয়েই জন্ম হয় দ্বিজাতি তত্ত্বের। জন্ম হয় পাকিস্তানের। তাঁর এ ভাবনা যে কতটা ঠুনকো ছিল, এটা প্রমাণিত হয়েছে ২৩ বছরের মধ্যে। অনেক ঐতিহাসিক বলেন, মৃত্যুশয্যায় তিনি নাকি আক্ষেপ করে তাঁর দ্বিজাতি তত্ত্ব ও পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়ে শাপশাপান্ত করেছিলেন। ঐতিহাসিকদের এই ভাষ্য সঠিক হলে, পাকিস্তান প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই তিনি বুঝে গিয়েছিলেন কেবল ধর্মের ভিত্তিতে জন্ম নেওয়া কোনো রাষ্ট্রের ব্যর্থতা আবশ্যক। ব্যক্তি মোহাম্মদ আলী জিন্নাহও কি খুব সফল একজন মানুষ ছিলেন? তিনি মেধায়-মননে ভারতীয় উপমহাদেশে অন্যতম সেরা ব্যক্তিত্ব হলেও ব্যক্তি হিসেবে তাঁকে পরিপূর্ণ সফল মানুষ কোনোভাবেই বলা যায় না। তিনি সাংসারিক জীবনে সাফল্যের মুখ দেখেননি। ভালোবেসে বিয়ে করে তিনি তাঁর স্ত্রীকে অবহেলা করেছিলেন। তাঁর স্ত্রী একপর্যায়ে তাঁর থেকে আলাদা হয়ে যান। রোগে ভুগে তিনি ইহলোক ত্যাগ করেন অপরিণত বয়সে। সেই স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া সন্তানও যে বাবার দৃঢ় অনুসারী ছিল—এ কথা জোর দিয়ে বলা যাবে না।মোহাম্মদ আলী জিন্নাহর কিন্তু আরও একটি বিয়ে হয়েছিল। মাত্র ১৫ বছর বয়সে জিন্নাহ বিয়ে করেছিলেন মায়ের চাপে পড়ে। কনের নাম ছিল এমি বাঈ। ১৪ বছরের এই মেয়েকে স্ত্রী হিসেবে জিন্নাহ কখনোই গ্রহণ করেননি। বিয়ের পর তিনি ব্যস্ত হয়ে পড়েন খ্রিষ্টান মিশনারি স্কুলের পড়াশোনায়। এরপর আইন বিষয়ে শিক্ষানবিশি গ্রহণ করতে তিনি মায়ের অমতে চলে যান লন্ডন। মৃত্যুর আগপর্যন্ত জিন্নাহ এমি বাঈয়ের সঙ্গে আর বসবাস করেননি। এর মধ্যে ১৯১৮ সালে তিনি নিজের পছন্দে বিয়ে করেছিলেন পার্সি সম্প্রদায়ের মেয়ে রতন বাঈকে। রতন বাঈয়ের বাবা ছিলেন ভারতের বিখ্যাত বস্ত্রশিল্প বোম্বে ডাইংয়ের প্রতিষ্ঠাতা। পার্সি সম্প্রদায়ের একটি মেয়েকে নিজের পছন্দে বিয়ে করে তিনি মুসলিম রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপক তোপের মুখে পড়েন। তবে সাম্প্রদায়িক প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেও জিন্নাহ নিজেকে সুখী করতে পারেননি। তাঁর সংসারকে সুখী করতে পারেননি। নিজের ব্যক্তিকেন্দ্রিকতাকে ঊর্ধ্বে স্থান দিতে গিয়ে তিনি ব্যক্তিজীবনে ব্যর্থতারই মুকুট পরেছিলেন।জিন্নাহ সন্তান হিসেবেও তাঁর বাবা-মাকে সুখী করতে পারেননি। সারা জীবন তাঁর বাবা যা চেয়েছেন, তার ঠিক বিপরীত মেরুতে অবস্থান করেছেন তিনি। যা-ই হোক, হয়তো নিজের ঝোঁক-আবেগের বিপরীতে গিয়ে কোনো পেশা তিনি বেছে নেননি—ব্যাপারটি অস্বাভাবিক না হলেও তিনি তাঁর মাকে কেবল দুঃখই দিয়ে গেছেন। ১৫ বছর বয়সে বিয়ে দেওয়ার ‘ক্ষোভে’ তিনি তাঁর মায়ের সঙ্গেও কোনো সম্পর্ক রাখেননি। মায়ের কনের সঙ্গে তিনি থাকেননি, মৃত্যুর সময়ও তাঁর গর্ভধারিণী মা জিন্নাহকে পাশে পাননি। ব্যক্তিস্বাতন্ত্র্য আর আত্মকেন্দ্রিকতায় এতটাই উন্মত্ত ছিলেন পাকিস্তানের জাতির জনক। এর পরও জিন্নাহ একটি জাতিকে পথ দেখিয়েছিলেন। সৃষ্টি করেছিলেন একটি রাষ্ট্র। ইতিহাস সে জন্যই তাঁকে স্থান দিয়ে যাবে অনেক উঁচুতে। নিজের চালচলনে অসাম্প্রদায়িক হলেও রাজনৈতিক ভাবনায় তিনি যে সাম্প্রদায়িকতার জন্ম দিয়ে গিয়েছিলেন, সেই সাম্প্রদায়িকতার বিষে আজ নীল হয়ে গেছে তাঁর স্বপ্নের পাকিস্তান। তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন উদার পাকিস্তানের, স্বপ্ন দেখেছিলেন সমতার সমাজব্যবস্থার, ধর্মীয় সম্প্রীতির, কিন্তু ভুল রাজনৈতিক চিন্তার ফলে তিনি ইতিহাসে পরিচিত সাম্প্রদায়িক চিন্তায় জন্ম নেওয়া একটি রাষ্ট্রের জনক হিসেবে। মোহাম্মদ আলী জিন্নাহর তৈরি করা রাষ্ট্রটিও যে আজ তাঁর জনকের ব্যর্থতার বোঝা বয়ে নিয়ে এগিয়ে চলেছে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে। (বায়োগ্রাফি ডটকমে প্রকাশিত মোহাম্মদ আলী জিন্নাহর জীবনী অবলম্বনে)