সম্প্রতি লাহোর হাইকোর্টে উচ্চারিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম ‘বিখ্যাত’ ঢাকা ঘোষণার কথা।লাহোরবাসী সানাউল্লাহ লাহোর হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। তাঁর আরজিতে বলা হয়, ৬২ বছর আগে ১৯৪৮ সালে ঢাকায় ছাত্রসমাবেশে ‘কায়েদে আজম’ মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছেলেন যে উর্দুই হবে একমাত্র সরকারি ভাষা। সংবিধানেও নির্দিষ্ট সময়ের মধ্যে উর্দুকেই সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, এর পরও জাতির পিতার নির্দেশ ও সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করে সরকার এখনো নিশ্চুপ আছে। সরকার জাতির সামনে জাতির পিতাকে হেয় এবং সংবিধানকে খেলো করে ফেলেছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইংরেজিই সরকারি ভাষা হিসেবে ব্যবহূত হয়ে আসছে। সংবিধানের নির্দেশ অনুযায়ী, ইংরেজি অপসারণ করে এখনো উর্দুকে তার স্থলাভিষিক্ত করা হয়নি। যেহেতু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ উর্দু বলতে ও লিখতে পারে, বৃহত্তর স্বার্থেই তাই করা দরকার। রিট আবেদন শুনানির পর আদালত পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল ও পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেলকে এই আবেদনের জবাব দেওয়ার নির্দেশ দেন।২০১০ সালের ১২ অক্টোবর ধার্য দিনে রিট আবেদনকারী ও তাঁর পক্ষের কৌঁসুলি অনুপস্থিত থাকায় লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি খাজা মুহাম্মদ শরিফ আবেদনটি খারিজ করে দেন। ফলে জিন্নাহর ভাষাস্বপ্ন বাস্তবায়নের মামলাটির অপমৃত্যু ঘটে।এরই মধ্যে পাকিস্তানের ভাষার প্রশ্নটি নতুন করে আলোচনায় আসতে শুরু করে। ২০১১ সালের ২৫ জানুয়ারি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষা নিয়ে একটি বেসরকারি বিল উত্থাপন করা হয়। এতে আটটি ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেওয়ার বিধান রাখা হয়।‘সংবিধান (সংশোধন) বিল ২০১১’ নামের এই বিলে পাকিস্তান সংবিধানের ২৫১ ধারা, যাতে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলা হয়েছে, তাতে সংশোধনী আনা হয়েছে, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বালুচি, পাঞ্জাবি, পুশতু, শিনা, বালতি, সিন্ধি, সেরাইকি ও উর্দু’। সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। উপমহাদেশীয় সংস্কৃতিতে গ্রহণযোগ্য হলেও বেসরকারি বিলের পাস হওয়ার সম্ভাবনা বরাবরই ক্ষীণ। এ বিষয়ে ডন পত্রিকা লিখেছে, ভাষার প্রশ্নে পাকিস্তানের অভিজ্ঞতা ভালো নয়। বাংলাকে উপেক্ষা করার এমন খেসারত দিতে হয়েছে যে সাবেক পূর্ব পাকিস্তান এখন স্বাধীন বাংলাদেশ।এই বিলে অবশ্য বলা হয়েছে, এই ভাষাগুলো ইংরেজির সমান্তরালে না আসা পর্যন্ত সরকারি ভাষা হিসেবে ইংরেজির ব্যবহার অব্যাহত রাখা যাবে।পাকিস্তানের সংবিধানে ইংরেজির বদলে উর্দু প্রতিস্থাপনের জন্য ১৫ বছর সময় দেওয়া হয়েছিল। তারপর বহু বছর পেরিয়ে গেছে। রাষ্ট্রভাষার কৌলীন্য নিয়ে বসে থাকলেও উর্দু সরকারি ভাষা কার্যত হয়ে ওঠেনি। আর এত দিন পর অন্য ভাষার দাবিগুলোও তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উর্দু নিয়ে দিল্লি হাইকোর্টে একটি রিট দায়ের করেছে শিক্ষাসেবা সমিতি নামের একটি এনজিও। আবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত সরকার উর্দু ভাষার প্রতি অত্যন্ত নিস্পৃহ ও দায়িত্বহীন। এনজিওর পক্ষে আইনজীবী মুশতাক আহমদ বলেন, সরকারের ঔদাসীন্য ও উপেক্ষার কারণে উর্দুমাধ্যম স্কুলের সংখ্যা কমে ১৫০ থেকে মাত্র ২২টিতে নেমে গেছে। ১৯৯৫ সাল থেকে রিট দায়ের করা পর্যন্ত একজন উর্দুশিক্ষকও নিয়োগ দেওয়া হয়নি। জোর দিয়ে উর্দুশিক্ষক নিয়োগের দাবি জানালে স্কুলের মঞ্জুরি কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। আদালতকে আরও জানানো হয়েছে, কোথাও কোথাও উর্দুশিক্ষক পদে ইতিপূর্বে অ-উর্দুভাষী শিক্ষক নিয়োগ দিয়ে সরকার তার অশুভ ইচ্ছাটি জানিয়ে দিয়েছে।পাকিস্তান ও ভারত উভয় দেশেই উর্দুরও দাবি রয়েছে, ভারতে উর্দু মার খেয়েছে হিন্দির কাছে আর পাকিস্তানে ইংরেজির কাছে।১৯৫১ সালে ভাষার প্রশ্নে একটি দাবি উত্থাপিত হয়েছিল, সব বাদ দিয়ে সত্যিকার সৌভ্রাতৃত্ব ও সংহতির জন্য আরবিকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হোক। এখানেও ভাষার সংকট এড়ানোর যুক্তি দেখিয়ে কেউ কেউ আরবিকেই সামনে ঠেলে দিতে চাইছেন।