জিন্নাহর স্মৃতিবিজড়িত ভবন জঙ্গি হামলায় বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক ভবনে গতকাল শুক্রবার গভীর রাতে হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলায় বেলুচিস্তান প্রদেশে অবস্থিত ১২১ বছরের পুরোনো ওই ভবনটির বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, হামলায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।দেশটির কর্মকর্তারা জানান, বেলুচিস্তান প্রদেশের জিয়ারতে অবস্থিত ‘কায়েদ-ই-আজম বাসভবন’ নামের জাতীয় স্থাপনাটি এখন পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে এটি ১২০ কিলোমিটার দূরে। স্থানীয় সময় গতকাল দিবাগত রাত একটা ১৫ মিনিটে জঙ্গিরা ওই ভবনে হামলা চালায়। সেখানে অন্তত চারটি বোমার বিস্ফোরণ ঘটে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ভবনে আগুন ধরে যায়। চার ঘণ্টা পর আগুন নেভানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, ভবনের কাঠের অংশ, আসবাব ও জিন্নাহর স্মৃতিচিহ্ন আগুনে নষ্ট হয়ে গেছে। জঙ্গিদের গুলিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের একটি বড় অংশই ধসে পড়েছে। শুধু ইটের কাঠামোগুলো অক্ষত রয়েছে। জেলা পুলিশপ্রধান আসগর আলী জানান, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড কাজ করছে। তাঁরা ছয়টির বেশি বোমা নিষ্ক্রিয় করেছেন। প্রতিটি বোমায় প্রায় ছয় কিলোগ্রাম বিস্ফোরক ছিল। জিয়ারতে পানিবাহী গাড়ি না থাকায় কোয়েটা থেকে তা আনা হয়। এ কারণে আগুন নেভাতে বেশি সময় লেগেছে। আসগর আলী জানান, ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে । এখনো কাউকে শনাক্ত করা যায়নি।১৮৯২ সালে ঐতিহাসিক এই ভবনটি নির্মাণ করা হয়। তত্কালীন ব্রিটিশ গভর্নর জেনারেলের প্রতিনিধি গ্রীষ্মকালীন বাসভবন হিসেবে এটি ব্যবহার করতেন। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ তাঁর জীবনের শেষ দিনগুলো এই ভবনে কাটিয়েছেন। ওই সময় তিনি যক্ষ্মায় ভুগছিলেন। পরে পাকিস্তান সরকার ভবনটিকে জাতীয় স্থাপনা হিসেবে ঘোষণা করে।